খুলনা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়ার একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম শিকদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মানোয়ার হোসেন, টিপু, খোকন ও বিপ্লব। তারা বর্তমানে কারাগারে আছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪৯ আসামিকে খালাস দেওয়া হয়।
২০০২ সালের ২৫ আগস্ট কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস সুতারামপুর গ্রামের হাসেম আলীর ছেলে সাগরকে (২৫) বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহতের বাবা হাসেম আলী দৌলতপুর থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান হাওলাদার ৫৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24