২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সর্বহারাদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে তিনজন আহত

তানোর উপজেলার বিহারাইল গ্রামের একটি বাড়িতে সর্বহারাদের রেখে যাওয়া বোমার বিস্ফোরণে এক মহিলা ও তার দুই সন্তান আহত হয়েছেন। আহতরা হলেন- কুলসুম বেগম ও তার দুই সন্তান রুবেল ও রুমি। আহতদের তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

রাজশাহী, মে ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তানোর উপজেলার বিহারাইল গ্রামের একটি বাড়িতে সর্বহারাদের রেখে যাওয়া বোমার বিস্ফোরণে এক মহিলা ও তার দুই সন্তান আহত হয়েছেন। আহতরা হলেন- কুলসুম বেগম ও তার দুই সন্তান রুবেল ও রুমি। আহতদের তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও সর্বহারাদের চাপে আহতরা মুখ খুলেনি। রোববার তাদের অবস্থার অবনতি হওয়ায় তারা ঘটনা প্রতিবেশীদের জানান বলে পুলিশ জানিয়েছে। থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, শুক্রবার রাতে কুলসুম বেগমের বাড়িতে সর্বহারা দলের সদস্য মঞ্জুর ও শহীদুল ব্যাগভর্তি কিছু জিনিসপত্র রেখে যায়। রাত সাড়ে ১২টার দিকে বোমার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। পরে রাতে এলাকাবাসী তাদের হাসপাতালে ভর্তি করে। ঘটনা জানাজানির পর তানোর থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা কুলসুমের বাড়িও তল্লাশি করে বিস্ফোরিত বোমার আলামত, রামদা, হাসুয়া ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। রেজাউল ইসলাম জানান, মঞ্জুর ও শহীদুল সর্বহারা দলের সদস্য। তাদের গ্রেপ্তার করার জন্য এলাকায় তল্লাশি চলছে। সর্বহারারা এই এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদের জন্য কুলসুম বেগমকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার অভিযান শুরু করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৫৯ ঘ.