২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে স্কুলছাত্রীর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বাস্থ্য কেন্দ্রে ভাংচুর

ডায়রিয়া আক্রান্ত এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় রোববার দুপুরে তার আত্মীয় স্বজন চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভাংচুর ও স্বাস্থ্য সহকারীকে মারধর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

নোয়াখালী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডায়রিয়া আক্রান্ত এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় রোববার দুপুরে তার আত্মীয় স্বজন চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভাংচুর ও স্বাস্থ্য সহকারীকে মারধর করেছে। মৃত ছাত্রীর নাম শারমিন আক্তার (১২)। সে সেনবাগের কাদরা ইউনিয়নের হিজলী গ্রামের বাহার উদ্দীনের মেয়ে ও মবুয়া এমএ আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ভাংচুরের খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম সেখানে যান এবং তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সময় হাসপাতালে উপস্থিত কয়েকজন জানান, দুপুর দেড়টায় ডায়রিয়া আক্রান্ত শারমিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। এ সময় হাসপাতালে কোন চিকিৎসক ছিলেন না। জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারী ফয়সল আহম্মেদ রোগীর নাম নিবন্ধন করেন। কোন চিকিৎসক না থাকায় রোগীর আত্মীয় স্বজন তাকে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিতাই প্রসাদ দত্তের কক্ষে নিয়ে যায়। কিন্তু তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন বলে রোগীকে দেখেননি। কিছুক্ষণ পর তিনি রোগী দেখে মৃত বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর আত্মীয় স্বজন জরুরি বিভাগে ছুটে গিয়ে স্বাস্থ্য সহকারী ফয়সল আহম্মদকে মারধর করেন এবং দরজা জানালা ভাংচুর করে। তারা চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়া ও অবহেলার অভিযোগ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ১০ মিনিটে রোগীকে হাসপাতালে আনা হয়। ভর্তি করার পর ওয়ার্ডে যেতে বললে রোগীর লোকজন ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। এ সময়ের মধ্যে রোগী মারা গেছে। এক্ষেত্রে অবহেলা কিংবা বিনা চিকিৎসার ঘটনা ঘটেনি। ইউএনও রাশিদুল ইসলাম বলেন, ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪০ ঘ.