২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট চাঁপাইনবাবগঞ্জ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা ও বাগেরহাটে রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে সকালে যাত্রীবাহী একটি বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন। মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় অটো টেম্পু ও বাসের মুখোমুখি সংঘর্ষে রিফাত (৭) নামের এক শিশু নিহত ও অপর সাত জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা ও বাগেরহাটে রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে সকালে যাত্রীবাহী একটি বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন। মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় অটো টেম্পু ও বাসের মুখোমুখি সংঘর্ষে রিফাত (৭) নামের এক শিশু নিহত ও অপর সাত জন আহত হয়েছেন। বাগেরহাটের মোল্লাহাট সেতুর টোল প্লাজার কাছে এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মারা যান খুলনার ব্যবসায়ী সাদেক আলী লস্কর হীরা (৪০)। ঢাকা থেকে মায়ের লাশ নিয়ে খুলনায় ফেরার পথে এ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পড়ে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দীঘা শাহপানিয়া গ্রামের নাসিরুল (৩৫) ও তাইফুর (৪০)। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার শাহাপানিয়া গ্রমের মৃত হেলালের ছেলে আব্দুল খালেককে (৩৫) আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহফুজ আহমেদ জানান, সকাল সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের সবাই পাওয়ার টিলারের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পলাতক। মাগুরা প্রতিনিধি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ভানু (৩০), শিরিনা (৩০), আরিফ (৩৫) ও কাশেমকে (২৬) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানা উপ-উপরিদর্শক (এসআই) বদরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে যশোর থেকে মাগুরামুখী বাসের সঙ্গে বিপরীত দিকে আসা যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলে টেম্পুর যাত্রী। বাগেরহাট প্রতিনিধি জানান, নিহত সাদেক আলী লস্কর হীরা খুলনা শহরের ইসলামপুর রোডের মৃত সোহরাব আলী লস্করের ছেলে। তিনি খুলনা শহরের আক্তার চেম্বার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এবং খুলনা দোকান মালিক সমিতির সহ-সভাপতি। হীরার বড় ভাই, খুলনার সিটি ইমেজিং ও কিওর হোম ক্লিনিকের স্বত্তাধিকারী ডা. শওকত আলী লস্কর জানান, তাদের মা হাসিনা বেগম (৭৫) মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান। পরিবারের সদস্যরা রাতেই ঢাকার আঞ্জুমানে মফিদুল ইসলামের ভাড়া করা একটি এ্যাম্বুলেন্সে করে মায়ের লাশ নিয়ে খুলনা শহরে তাদের বাড়িতে ফিরছিলেন। তিনি জানান, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে দ্রুতগামী এ্যাম্বুলেন্সটি বাগেরহাট-গোপালগঞ্জ সীমান্তে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোল প্লাজার কাছে স্পিড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার ছোট ভাই হীরা মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৪ ঘ.