২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় হাসিনা অভিযুক্ত

ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ২১ মে থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 05:12 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ২১ মে থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। (আরো তথ্যসহ) দোষী সাব্যস্ত হলে হাসিনাকে অর্থ দণ্ড অথবা সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ১২ বছরের সাজা ভোগ করতে হতে পারে। এছাড়াও যে কোনো নির্বাচনে অযোগ্য হতে পারেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। রোববার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম এ অভিযোগ গঠন করেন। এ নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন করা হল। এর আগে তার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠন করা হয়েছিল। সকাল ১০টার দিকে বিচারক এজলাসে আসার পর কাঠগড়ায় দাঁড়ানো শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন, "আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে আপনি দোষী না নির্দোষ?" এর জবাবে হাসিনা নিজেকে নির্দোষ দাবি করে বিচারকের উদ্দেশে প্রায় আধ ঘন্টা সময় ধরে তার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। এরপর মামলার অন্য আসামি তৌফিক ই ইলাহী চৌধুরীকে বিচারক একইভাবে দোষী না নির্দোষ তা জিজ্ঞাসা করেন। এ সময় তৌফিক ইলাহী চৌধুরী তার হাতে থাকা একটি লিখিত বক্তব্য পড়তে থাকলে বিচারক তাতে বাধা দেন। তিনি পড়া চালিয়ে যেতে থাকলে বিচারক সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করে এজলাস ত্যাগ করেন। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করে। শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়। এতে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন। এতে আরও অভিযোগ করা হয়, নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিম্ন দরদাতা হলেও তাদের না দিয়ে আর্থিক সুবিধা নিয়ে এই প্রকল্পের কাজ দেওয়া হয় ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে । মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অন্যদের পলাতক দেখানো হয়েছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। ১০ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/এসকে/১৯২২ঘ.