ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসীদের হাতে মেয়ে খুন ও স্ত্রী ধর্ষিত হওয়ার পর মামলা করেও পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন গাজীপুরের ব্যবসায়ী জেমস ডি সিলভা। বিচারের জন্য প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জেমস ডি সিলভা অভিযোগ করেন, কালীগঞ্জ পুলিশ ও তুমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঘটনায় জড়িত সন্ত্রাসীরা।
জেমসের স্ত্রী (৩৫) এবং তাদের সন্তান সেতু (১২), জয় (৯) ও অর্নব (৩) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সন্ত্রাসীদের নির্যাতনের বিবরণ দিতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনেই কান্নায় ভেঙে পড়েন।
জেমস বলেন, "সন্ত্রাসীরা আমার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করত। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর ও কালীগঞ্জ থানায় জানানোর পরও কোনো লাভ হয়নি। বরং এরপর অত্যাচার আরো বেড়ে যায়।"
তিনি বলেন, "গত ৩০ এপ্রিল আমি ব্যবসার প্রয়োজনে ঢাকায় ছিলাম। ওই রাতে ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসী মেহদী, দুলাল ও রাসেল আমাদের বাসায় ঢুকে আমার স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে। পরে আমার মেয়ের মুখে কি একটা তরল পদার্থ ঢেলে দিয়ে ভোর বেলা চলে যায় তারা। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে।"
জেমস অভিযোগ করেন, সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকে চাপ দেন। রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
জেমস বলেন, "মেয়েকে হত্যা ও স্ত্রীর ধর্ষণের বিচার চেয়ে আমি কালীগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা এলাকায়ই ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্যও আমাকে হুমকি দেওয়া হচ্ছে।"
স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পেয়ে জেমস ডি সিলভা এ ব্যাপারে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা প্রার্থনা করেন।
জেমসের অভিযোগের ব্যাপারে তুমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকরকে প্রশ্ন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঘটনার চারদিন পর সে আমাকে বিষয়টি জানায়। তখন তাকে আমি থানায় অভিযোগ করতে বলি।"
মীমাংসা করার জন্য চাপ দেওয়া বা সন্ত্রাসীদের আশ্রয় সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমার তা করার কোনো কারণ নেই। বরং সম্ভব হলে আমি সন্ত্রাসীদের গ্রেপ্তারে সহযোগিতা করব।"
কালীগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পাঁচ দিন পর জেমস অভিযোগ নিয়ে এলে আমরা সঙ্গে সঙ্গে মামলা নেই। তার মেয়ের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত এবং স্ত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমার জানা মতে, তারা এলাকায় নেই।"
তিনি জানান, ময়না তদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২৩২৯ঘ.
bdnews24