চুয়াডাঙ্গা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা কারাগার থেকে পালিয়ে যাওয়া চার কয়েদির মধ্যে আবদুল হামিদ নামের এক জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের ঈদগাহ পাড়া থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কারাগার থেকে পলাতক চার কয়েদিকে গ্রেপ্তারে সকাল সাড়ে ৯টার দিকে ছয়ঘড়িয়া গ্রামের ঈদগাহ পাড়ার সিরাজুল ইসলামের বাড়ি ঘেরাও করা হয়। সেখানে অবস্থানরত আবদুল হামিদ পুলিশের অবস্থান টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পরও সে পালাতে গেলে পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় বেলা সাড়ে ১০টায় হামিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় বলে রবিউল ইসলাম জানান। অস্ত্রোপচার শেষে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে রাখা হয়েছে।
বাকি তিনি কয়েদিকে ধরতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ চিরুনি অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত কুষ্টিয়া হাউজিং এস্টেট এলাকার আব্দুর রহমানের ছেলে টগর বাহিনী প্রধান আশিকুর রহমান টগর (৪৫), সদর উপজেলার নতুন ভাণ্ডারদোহা গ্রামের মনসুর আলীর ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য আক্তারুজ্জামান সোহাগ (৪০), যাদবপুর গ্রামের বাহার আলীর ছেলে 'চরমপন্থী' নেতা আব্দুল হামিদ (৪২) এবং আলমডাঙ্গা উপজেলার ঘাসকররা গ্রামের মোসলেম আলীর ছেলে 'চরমপন্থী' নেতা জুরাত আলী বাচ্চু (৪৩) পালিয়ে যায়।
এদের মধ্যে টগর ৫০ বছর, সোহাগ ৮০ বছর, হামিদ ৪৪ বছর ও বাচ্চু ৭০ বছরের সাজাপ্রাপ্ত।
চার আসামি পালানোর পর সারাদেশে তাদের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য বিডিআরকে অনুরোধ করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/১৮৫৫ ঘ.
bdnews24