দিনাজপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ছেড়ে আসা একটি বাসের লাগেজ বক্স থেকে শনিবার সকালে একটি শিশুর লাশ উদ্ধার করেছে দিনাজপুর পুলিশ। হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের লাগেজ বক্সের ভেতরে একটি স্যুটকেসের ভেতর লাশটি পাওয়া যায়। ৯ থেকে ১০ বছর বয়সী ওই নারী শিশুর পরিচয় পাওয়া যায়নি।
হানিফ এন্টারপ্রাইজের হেলপার গোপাল চন্দ্র সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১০টায় রাজধানীর কলেজ গেট কাউন্টারে এক যাত্রী কালোরঙের একটি স্যুটকেস লাগেজ বক্সে দেয়। শনিবার ভোরে বাসটি দিনাজপুর পৌঁছলে সব যাত্রী তাদের ব্যাগ নিয়ে গেলেও স্যুটকেসটি পড়ে থাকে।
গোপাল চন্দ্র বলেন, "স্যুটকেসটির কোনও দাবিদার না থাকায় আমাদের সন্দেহ হয়। তখন আমরা বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ আসার পর স্যুটকেসটি খোলা হলে এর ভেতর একটি কন্যা শিশুর লাশ পাওয়া যায়।"
বাসের সুপারভাইজার আলী আকতার শাহীন বলেন, "স্যুটকেসটির ট্যাগ নম্বর মিলিয়ে দেখা গেছে, এটি এফ-৩, ৪ নম্বরের টিকিটের যাত্রীর। তবে ওই আসন দুটির যাত্রীরা বাসে উঠেনি। কলেজ গেট কাউন্টার ছাড়ার আগে সিটে যাত্রী না দেখে আমরা পাঁচ মিনিট মতো সময় দেরি করি। কিন্তু তাতেও কেউ না এলে ওই আসন দুটি ফাঁকা রেখেই বাস ছেড়ে দিই।"
ওই আসন দুটির টিকিট জামিল নামে এক জনের নামে করা হয় বলে শাহীন জানান।
পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন সদর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটির বয়স আনুমানিক ৯ থেকে ১০। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।"
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের ধারণা, মেয়েটি কোনও বাসার গৃহকর্মী ছিল। মালিকের নির্যাতনে সে মারা গেলে লাশটি বেওয়ারিশ করতে এ কূটকৌশলের আশ্রয় নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.
bdnews24