সিরাজগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাঘাবাড়িতে মিল্ক ভিটার খামারীদের কাছ থেকে দুধ সংগ্রহের পথ সুগম করার লক্ষ্যে শাহজাদপুর পূর্বাঞ্চলে আরও একটি দুগ্ধ শীতলীকরণ কারখানার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের উপদেষ্টা মো.আনোয়ারুল ইকবাল কারখানা উদ্বোধন করেন।
শাহজাদপুর উপজেলার পুটিয়ায় মিল্ক ভিটার প্রায় ৩০ লাখ ব্যয়ে নির্মিত শীতলীকরণ কারখানায় দুধ সংরক্ষণ করে খামারীরা প্রতিদিন গড়ে ১০ হাজার লিটার দুধ সরবরাহ করতে পারবেন।
শীতলীকরণ কারখানা উদ্বোধন শেষে বাঘাবাড়ী মিল্ক ভিটা কেন্দ্রের সম্মেলন কক্ষে উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে সেবা মাস বৈশাখ ১৪১৫'র সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান অতিথি এ সময় বলেন, "তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মিল্ক ভিটা লাভের মুখ দেখতে শুরু করেছে এবং তা বর্তমানেও অব্যাহত রয়েছে।"
উপদেষ্টা বলেন, "সমবায়ী ও মিল্ক ভিটার কর্মকর্তা কর্মচারীরা সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সকলের অগ্রযাত্রা কাঙ্খিত পর্যায়ে পৌঁছাবে।"
মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. মাসুদ, এলাহী, মিল্ক ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ, মিল্ক ভিটার মহা ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আশরাফ আলী ও পুলিশ সুপার আলমগীর রহমান প্রমূখ।
এর আগে সকালে স্থানীয় সরকার উপদেষ্টা শাহজাদপুর উপজেলা সম্মেলনকক্ষে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতীদের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন।
বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ওই অনুষ্ঠানে ১০০ জন দুঃস্থ ও প্রান্তিক তাঁতীর প্রত্যেককে ২ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে জেলার ৪ হাজার ৭৩৭ জনকে অনুরূপ অনুদান দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24