কিশোরগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে ডুবে যাওয়া যাত্রবাহী লঞ্চ এমভি চানপুরের আরও দুই যাত্রীর লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৪৯টি লাশ উদ্ধার হলো।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী সাইফুল ইসলামের এক সদস্যের তদন্ত কমিটি দুর্ঘটনার ৭টি কারণ চিহ্নিত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছেন।
দুর্ঘটনা এবং ব্যাপক প্রাণহানির জন্য দায়ী ৭টি কারণের মধ্যে রয়েছে- অদক্ষ ও লাইসেন্স বিহীন চালক দ্বারা লঞ্চ পরিচালনা, লঞ্চটির অননুমোদিত কাঠামো, লঞ্চের অতি পুরাতন ও দুর্বল প্রকৃতি, অধিক যাত্রী বোঝাই, দীর্ঘদিনের পুরাতন ইঞ্জিন, মূল ডেকে মালামাল থাকা এবং ঝড়ের সময় জানালা-দরজা বন্ধ রাখা।
প্রতিবেদনে বলা হয়, লঞ্চটির পরিবহন ক্ষমতা ছিল ৪৩টন। লঞ্চটির ডেকে ৪০ জন এবং উপরে ১০ জন যাত্রী পরিবহনে সক্ষম। অথচ ওইদিন শতাধিক যাত্রীসহ বিপুল পরিমাণ মালামাল বহন করছিল লঞ্চটি।
তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনা এড়ানোর জন্য কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- দক্ষ ও বৈধ চালক দিয়ে লঞ্চ চালানো নিশ্চত করা, লঞ্চের অনুমোদিত কাঠামো ব্যবহার, রুট পারমিট নেওয়া, ফিটনেস সার্টিফিকেট নেওয়া, রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া এবং দায়িত্ববোধের পরিচয় দেওয়া।
সরেজমিনে পরীক্ষা করে সনদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিবেদনে।
সম্পূর্ণ সেকেলে পদ্ধতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হওয়ায় লঞ্চটি উদ্ধার করা যায়নি বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ডুবুরীদের দক্ষতা সন্তোষজনক ছিল না।
এদিকে দুর্ঘটনায় নিহত ৩৩টি পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলিকেও এ অর্থ দেওয়া হবে বলে প্রশাসন থেকে জানানো হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, "আরও লাশ পাওয়ার আশায় পুলিশের একটি নৌকা সার্বক্ষণিক ঘোড়াউত্রা নদীতে টহল দিচ্ছে।"
নিকলী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে লঞ্চের চালক হুমায়ুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত ১২ মে সোমবার বিকেলে নিকলীর ঘোড়াউত্রা নদীতে ঝড়ে এমভি চানপুর নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24