ঢাকা মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনার পাশাপাশি ১৪ দলের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু শুক্রবার বলেছেন, "শেখ হাসিনা কী ইঙ্গিত দিলেন এবং ১৪ দলের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব সংলাপে যাব কি যাব না।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে যুব মহিলা লীগের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
আমু অভিযোগ করেন, "আইনি জটিলতার মাধ্যমে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে । তাকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার চেষ্টাও চলছে। "
সভাপতিমণ্ডলীর আব্দুর রাজ্জাক মহিলা লীগের সদস্যদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমরা যদি শপথ নিয়ে রাজপথে নামি তাহলে কোন শক্তি নেই শেখ হাসিনাকে আটকে রাখে। "
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, " ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে টেবিলে বসে কোন দাবি আদায় হয় না। দাবি আদায়ে আন্দোলনের কোন বিকল্প নেই।"
তিনি বলেন "বাংলার মানুষ জরুরি অবস্থার মধ্যে নির্বাচন মেনে নেবে না।"
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সনদের যে কথা বলেছেন তার সমালোচনা করে তিনি বলেছেন, "জাতীয় সনদের নামে দাসখত দিতে হবে।"
সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চোধুরী বলেন, "সংলাপকে অর্থবহ করতে হলে শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। "
যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চোধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না , এডভোকেট সাহারা খাতুন, ডাঃ দিপু মনি, এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
সভায় আমির হোসেন আমু আগামী ২৬ মে দেশের প্রতিটি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশগ্রহণে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএস/এমএইচবি/২০৩০ ঘ.
bdnews24