২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাত্রদের অবরোধে পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষে আহত ২৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আগের দিন কয়েকজন শিক্ষার্থীর ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

খুলনা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আগের দিন কয়েকজন শিক্ষার্থীর ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা ২৫টির বেশি বাস, দোকান ও গল্লামারি পুলিশ বক্স ভাংচুর করেছে। এই ঘটনায় বিশ্বিবিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজির অধ্যাপক ডক্টর হারুনর রশীদ খানকে প্রধান এবং ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ডক্টর মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৩০ জুনের মধ্যে সুপারিশসহ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের শুক্রবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। খুলনার পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান জানান, অনুরোধ করার পরও শিক্ষার্থীরা রাস্তা না ছাড়ায় পুলিশ লাঠিচার্জ করে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাস্তা থেকে অবরোধ তুলে নিতে আমরা ছাত্রদের অনুরোধ করি। তারা এতে কর্ণপাত না করায় আমরা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছি। ছাত্ররা ওই সময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়ে।" খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক আতিয়ার রহমান দাবি করেন, সংঘর্ষে অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আতিক, শিশির, মুক্তাদীর, মুনীর, শাকিল, আসাদ, মারুফ, মিজানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাসিম, সুমন, রাফি ও নিশানকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপরদিকে পুলিশ কর্মকর্তা বেলালুর রহমান দাবি করেন, সংঘর্ষে কমপক্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে খুলনা জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক আতিয়ার রহমান জানান, তদন্ত কমিটির অপর চার সদস্য হলেন- ফিশারিজ এন্ড মেরিন টেকনোলজির সহযোগী অধ্যাপক মো. মোস্তফা, বিএ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ, মৃত্তিকা বিজ্ঞানের সহযোগী অধ্যাপক সানাউল ইসলাম এবং সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. আব্দুল জব্বার। নগরীর বাইরে বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়ক অবরোধ করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি করে, তাদের ওপর হামলাকারী পরিবহন শ্রমিকদের শাস্তি দিতে হবে। বৃহস্পতিবার রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। সে ঘটনার জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি সুবীর রায় ঘটনাস্থল থেকে জানান, দুইশ'র বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের খুলনা-সাতক্ষীরা সড়কে অবস্থান নেন। বাসশ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়েছে অভিযোগ করে তাদের শাস্তির দাবিতে তারা স্লোগান দেন। রাস্তার মধ্যে কাঠের জিনিস ফেলে তাতে আগুনও ধরিয়ে দেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এর হানিফ এন্টারপ্রাইজে যায়। গাড়িটি ছাত্রদের সঙ্গে থাকা কম্পিউটারসহ বিভিন্ন ভারী সরঞ্জাম নিতে রাজি না হলে এনিয়ে ছাত্রদের সঙ্গে শ্রমিকদের তর্কাতর্কি হয়। ওই সময় ছাত্রদের রেখেই গাড়িটি চলে যায়। ওই ঘটনার পর ক্যাম্পাস থেকে আরও কয়েকজন ছাত্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে হানিফের কাউন্টার ভাংচুর করলে বাসশ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বেঁধে যায় বলে আতিয়ার রহমান জানান। তিনি জানান, রাত সাড়ে ১২চার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টাধাওয়া হয়। রাত ৩টার দিকে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দিলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে আসে। এরপর সকাল ৯টার দিকে তারা রাস্তায় নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমআই/এমএসবি/২১৫০ ঘ.