২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পল্লী বিদ্যুতের দায়িত্বহীনতায় মারা গেল ভাই-বোন

ঝড়ের দুদিন পরও ছিড়ে পড়া বিদ্যুতের তার না সরানোয় প্রাণ হারাতে হলো ডিমলা উপজেলার তালতলা গ্রামের সহোদর দুই শিশুকে। বুধবার সকালে ওই তারে জড়িয়ে মারা যায় স্থানীয় কৃষক আব্দুর রহমানের সন্তান মনি (৮) ও মঈনুল (৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

নীলফামারী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের দুদিন পরও ছিড়ে পড়া বিদ্যুতের তার না সরানোয় প্রাণ হারাতে হলো ডিমলা উপজেলার তালতলা গ্রামের সহোদর দুই শিশুকে। বুধবার সকালে ওই তারে জড়িয়ে মারা যায় স্থানীয় কৃষক আব্দুর রহমানের সন্তান মনি (৮) ও মঈনুল (৬)। স্থানীয়রা জানায়, সোমবার রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এলাকাবাসী ঘটনাটি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বার বার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে এলাকাবাসী লাল পতাকা লাগিয়ে স্থানটি চিহ্নিত করে রাখে। বুধবার সকালে আব্দুর রহমানের মেয়ে মনি ও ছেলে মঈনুল পার্শ্ববর্তী বাইশপুকুর গ্রামের ফুফুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। আব্দুর রহমান সাংবাদিকদের জানান, তার ছিড়ে পড়ার খবরটি নীলফামারী পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের মোবাইল ফোনের মাধ্যমে কয়েকবার জানানো হলেও তারা গুরুত্ব দেননি। তাদের দায়িত্বে অবহেলার কারণেই সন্তানহারা হতে হয়েছে তাকে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাতব্বরদের চাপে মামলা করা যায়নি বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর ডিমলা থানা পুলিশ ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেশ কয়েকবার চেষ্টা করেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়নি। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমি শুনেছি। একজন অফিসার সেখানে গিয়েছিল। আমি ঢাকায় যাচ্ছি। ঘুরে এসে কথা হবে।" এ ঘটনায় মামলা না হওয়ার বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ বলেন, "কেউ অভিযোগ দেয়নি বলে মামলা করা হয়নি। তবে একটি জিডি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩০৩ ঘ.