২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসের মধ্যে তিন ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন: আনোয়ার চৌধুরী

আগামী ৬ মাসের মধ্যে যুক্তরাজ্যের তিন মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন বলে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে অবহিত করেছেন বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগামী ৬ মাসের মধ্যে যুক্তরাজ্যের তিন মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন বলে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে অবহিত করেছেন বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। ব্রিটিশ হাই কমিশনার বুধবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ বিষয়ে সাংবাদিকদের জানান। তবে ব্রিটেনের কোন তিন মন্ত্রী আসছেন তা জানানো হয়নি। প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে আনোয়ার চৌধুরীর বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসাবে উচ্চ পর্যায়ে সফর বিনিময় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূতদের পরিচালিত রেস্তোরাঁ শিল্পের জনশক্তি সমস্যা নিরসনে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান । আনোয়ার চৌধুরী সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, "এসব পদক্ষেপ জনগণের ভাগ্য উন্নয়নে গুরুত্বপুর্ণ অবদান রাখছে।" প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে বাংলাদেশ যে কাজ করছে তা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন ব্রিটিশ রাষ্ট্রদূত। আনোয়ার চৌধুরী আশাবাদ প্রকাশ করেন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ-যুক্তরাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে। উপদেষ্টা এসময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ যুক্তরাজ্যে পাঠানোর বিবেচনা থেকে দক্ষ জনশক্তি তৈরি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএইচসি/এসকে/২২১৩ঘ.