ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনকে আগামী ২৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পদক পদে দায়িত্ব পালনে বিরত থাকার আদেশ দিয়েছে আদালত।
সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে দ্বিতীয়বার ভোটা গণনায় পরাজিত সম্পাদক পদপ্রার্থী ব্যরিস্টার আব্দুল্লাহ আল মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার নবম সহকারী জজ ইফতেখার আহমেদ সোমবার দুপুরে এই আদেশ দেন।
মামুন গত ৪ মে এই আবেদন করার পর একই বিচারক মামলার ৯ বিবাদীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলাটির ১ নম্বর ও ২ নম্বর বিবাদী সমিতির নির্বাচন সাব কমিটির আহ্বায়ক মো. নিজামুল হক নাসিম ও সদস্য আ ক ম আব্দুল হাকিমের পক্ষে আইনজীবীরা সোমবার আদালতের কারণ দর্শানোর ওপর আপত্তি দাখিলের জন্য সময় চান।
অন্যদিকে মামলার আরেক বিবাদী সুজন তার আইনজীবীর মাধ্যমে আদালতে আপত্তি দাখিল করেন।
এ সময় বাদী ব্যরিস্টার আব্দুল্লাহ আল মামুন বিবাদীদের আপত্তি দাখিল পর্যন্ত এ মামলার ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চাইলে আদালত ২৫ মে পর্যন্ত নূরুল ইসলাম সুজনকে সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন না করার আদেশ দেন।
গত ২৮-২৯ এপ্রিল অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের বেসরকারি ফলাফলে প্রাথমিকভাবে আব্দুল্লাহ আল মামুনকে সম্পদক পদে বিজয়ী দেখানো হলেও পরে ভোট পুনর্গণনা করে নূরুল ইসলাম সুজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩১৬ ঘ.
bdnews24