২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র মামলার কার্যক্রম কেন অবৈধ নয়, জানতে চেয়েছে হাইকোর্ট

নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না করায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার কার্যক্রম কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না করায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার কার্যক্রম কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে ওই মামলার কার্যক্রম সম্পন্ন না করায় সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতকে আগামী আট দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তবে হাইকোর্ট নিম্ন আদালতের মামলার বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়নি। হাইকোর্টে শেখ হাসিনার পক্ষে রিটের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তিনি আদালতকে বলেন, "আইন অনুযায়ী ভাসমান বিদ্যুত কেন্দ্র মামলাটি বিচারের জন্য আমলে নেওয়ার ৬০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার কথা। কিন্তু এ সময়ের মধ্যে তা শেষ না করায় এখন মামলার কার্যক্রম চলা অবৈধ।" আদালতের আদেশের পর ব্যারিস্টার হক সাংবাদিকদের বলেন, "আদালত রুল জারি করেছে। কিন্তু স্থগিতাদেশ দেয়নি। প্রয়োজনে এ নিয়ে পরে আবেদন করতে বলেছে আদালত।" তিনি বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলা ১৩ জানুয়ারি বিচারের জন্য আমলে নেন বিশেষ জজ আদালত। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট আইনের ৬ (ক) ধারা অনুযায়ী এ মামলা আমলে নেওয়ার ৪৫ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। এই সময়ের মধ্যে শেষ করতে না পারলে আরও ১৫ দিন সময় বাড়ানোর বিধান রয়েছে। তবে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে।" বর্তমানে নিম্ন আদালতে মামলার কার্যক্রম আইন বহির্ভূত দাবি করে রফিক উল হক বলেন, "আইনের নির্ধারিত ওই সময় ১৩ মার্চ শেষ হয়ে গেছে। কিন্তু বিচার কাজ এখনও শেষ হয়নি। তাই বিশেষ জজ আদালত এখন আর ওই মামলার বিচার করতে পারবে না। কিন্তু এর পরও বেআইনিভাবে বিচার কার্যক্রম চালাচ্ছে।" সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে সোমবারও এ মামলার শুনানি হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা, ১৮ মে রস বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছে আদালত। শেখ হাসিনাকে এদিন আদালতে হাজির করা হয়। এদিকে বিচারপতি মো. আবদুর রশিদের নেতৃত্বের হাইকোর্ট বেঞ্চে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক আলী ফালু, লোটাস কামালসহ বেশ কয়েকজনের দায়ের করা একই ধরনের রিটের ওপর আগামী ২০ মে শুনানির জন্য ধার্য রয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিদ্যুত ও জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজ খান, পরিচালক মোহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদ। গত বছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। গত ১৩ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওইদিনই মামলাটি বিচারের জন্য আমলে নেন ঢাকার ১ নং বিশেষ জজ আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬৩৩ ঘ.