ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি চলছে।
সংসদ ভবনের বিশেষ জজ আদালতে সোমবার সকালে এ মামলার শুনানি শুরু হয়। দুপুরে ১টার দিকে বিচারক দেড় ঘন্টার জন্য শুনানি মুলতবি করেন। পরে বেলা আড়াইটায় আবার শুনানি শুরু হয়েছে। কারাবন্দি শেখ হাসিনা আদালতে হাজির আছেন।
মামলার অপর আসামি তৌফিক ই ইলাহী চৌধুরীকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর সোমবার শুনানি চলছে।
এর আগে গত ৩০ এপ্রিল শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়।
এদিকে এ মামলার কার্যক্রম চালানোকে আইনগত কর্র্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণার দাবি জানিয়ে রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন শেখ হাসিনা।
আইনে নির্ধারিত ৬০ দিনে বিচার শেষ না হওয়ায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এ রিটে। রিটটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চেয়েছেন হাসিনা।
রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চে শেখ হাসিনার পক্ষে তার আমমোক্তার মঞ্জিলা ফারুক রিটটি দায়ের করেন। সোমবার রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
২০০৭ সালের ১৬ জুলাই যৌথবাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমআই/১৫০০ ঘ.
bdnews24