সাভার, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বেতন না দেয়ার অভিযোগে সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার আশা টেক্স ইন্টারন্যাশনালের পরিচালকের স্ত্রী সেলিনা হোসেনকে (৩৫) শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
দু'মাসের বেতন না দেয়ার অভিযোগে কারখানাটির শ্রমিক জীবন হোসেন, সোহেল, মুকুল হোসেন, মোকারম হোসেন, মুন্নী খাতুন, রেখাসহ প্রায় তিনশ' শ্রমিক গত ১ মে কারখানাটির পরিচালক আমজাদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব আলীকে আসামি করে সাভার থানায় মামলা করেন। শনিবার ভোরে আমজাদ হোসেনের স্ত্রীকে কারখানা থেকে আটক করে পুলিশ। তাকেও মামলার আসামি করা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশা টেক্স ইন্টারন্যাশনাল কারখানার পরিচালকের স্ত্রী সেলিনা হোসেন কারখানাটি পরিচালনা করতেন। তিনি একাধিকবার পুলিশের কাছে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা রক্ষা করেননি।
ওসি জানান, আশা টেক্স কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে গত ১৭ এপ্রিল হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা শান্ত হয়। কারখানা কর্তৃপক্ষ সে সময় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল।
শ্রমিকরা বেতন না পেয়ে ১ মে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালককে আসামি করে মামলা করে। এরপর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার ভোরে সেলিনা হোসেন গোপনে কারখানায় প্রবেশ করলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রোববার তাকে কারাগারে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/কিউএইচ/এসএনডি/২১৩৫ ঘ.
bdnews24