ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এর প্রতিবাদে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা তেজগাঁও সড়কের সাতরাস্তা মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের রাবার বুলেটে অন্তত পাঁচজন আহত হয়।
আশিক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাত ৯টার দিকে গাড়ি চাপায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেট্রোপলিটান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই।
আশিকের নিহত হওয়ার খবর কলেজে পৌঁছালে রাত ১০টার দিকে ক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নেমে আসে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোলাম মোর্তজা অন্তু জানান, ছাত্ররা হিমালয় পরিবহনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলে ছাত্ররা তাদের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এরপর তেজগাঁও সড়ক অবরোধ করে লাঠি মিছিল শুরু করে তারা।
মিছিলরত কলেজের শেষ বর্ষের ছাত্র শোয়েব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে প্রয়োজনীয়সংখ্যক গতিরোধক নির্মাণ করতে হবে। তেজগাঁও সড়কের বড় যানবাহন যাতে ভেতরের ছোট সড়কগুলোতে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এসব দাবি পূরণ হওয়ার আশ্বাস না পেলে ছাত্ররা রাস্তা ছাড়বে না।
রাত সাড়ে ১১টার দিকে পলিটেকনিক কলেজের অধ্যক্ষ শামসুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পূরণের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে ছাত্ররা হলে ফিরে যায়।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশিকের মুত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নেমে এসে গাড়ি ভাঙচুর করে ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
আশিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তারা বাবার নাম মফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএইচডি/ডিডি/জেকে/এমএইচবি/২৩৪০ ঘ.
bdnews24