ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর কারওয়ান বাজার এলাকা হাবিবুর রহমান লিটন(৩২) নামে ওই কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লিটন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। এলিফেন্ট রোডের মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে তার বাসা।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, কারওয়ান বাজার এলাকার ফুটপাথ থেকে শুক্রবার ভোরে লিটনের লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসে।
লিটনের বাবা নূরুল হক একই হাসপাতালের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী।
নিহতের স্বজনরা পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লিটনের মোবাইলে একটি ফোন আসার পর সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
চার ভাই বোনের মধ্যে লিটন ছিল সবার বড়। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
খুনের কারণ সম্পর্কে পরিবারের কেউ কোনও ধারণ দিতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমআই/১৭২৬ ঘ.
bdnews24