চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার ইসলামপুর এলাকায় থেকে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে ৮৮ কেজি ওজনের একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে।
সাদা রঙের ওই মূর্তিটি শ্বেত পাথরের বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ১২টার দিকে কক্সবাজার জেলার সদর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৮ কেজি ওজনের শ্বেত পাথরের বুদ্ধ মূর্তিটি উদ্ধার করা হয়।"
তিনি জানান, মূর্তি পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র এটি বিক্রির জন্য নিয়ে আসে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা মূর্তিটি ফেলে পালিয়ে যায়।
এদিকে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার খৈয়াখালী থেকে মোজাহের আলম নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোজাহেরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৪৩০ ঘ.
bdnews24