ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতি হিসেবে নিজেদের সম্ভাবনা অর্জনে যুব সমাজের সম্ভাবনাগুলোকে এক সুতোয় গাঁথার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ১৫ তম এশীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় এশিয়ার ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় চারশ প্রতিযোগী অংশ নিচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথমবারের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, "যুব সমাজ একটি দেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে। জাতি হিসেবে নিজেদের সম্ভাবনা অর্জনে যুব সমাজের সম্ভাবনাগুলোকে এক সুতোয় গাঁথতে হবে। জাতিয় উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজের আত্মোন্নয়ন অপরিহার্য।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "মানব জীবনে বিতর্কের গুরুত্ব ও উপকারিতা অনেক। দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুব সমাজের ক্ষমতায়ন কর্মসূচি ও সংস্কৃতি বিনিময়ের ব্যাপারে বাংলাদেশ সরকার যথেষ্ট উৎসাহী।"
প্রতিযোগিতায় বিতর্কের নির্বাচিত বিষয়গুলোর প্রশংসা করে তিনি বলেন, "নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, দারিদ্র্য দূরীকরণ, সন্ত্রাসবাদ, পল্লী উন্নয়ন ও পরিবেশ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এখানে বিতর্ক হবে। যা খুবই সময়োপযোগী ও বাস্তবসম্মত।"
এশিয়ায় ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এই আসর যথেষ্ট অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/এসএনডি/২১১৫ ঘ.
bdnews24