ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে তফসিল ঘোষণার আগ পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
কমিশন ঘোষিত নির্বাচনের রোডম্যাপে রাজনৈতিক দল নিবন্ধনের সর্বশেষ সময়সীমা ছিল জুন পর্যন্ত।
সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "নির্বাচনী আইন সংস্কার করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ জারি করতে দেরি হওয়ায় রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে। জুনের পরিবর্তে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এ সুযোগ দেওয়া হবে।"
চলতি মাসেই নির্বাচনী আইন জারি হতে পারে আশা প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, "আইন জারি হলে আগামী মাস থেকেই রাজনৈতিক দলের নিবন্ধন শুরু হবে।"
নির্বাচনী আইনের সংস্কার প্রস্তাব নিয়ে বুধবার আন্ত:মন্ত্রণালয় বৈঠক হয়েছে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, "আগামী রোববার এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।"
নির্বাচনী আইন সংস্কারের এই প্রস্তাবনায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা- এই তিনটি আইন ও বিধি রয়েছে বলে জানান তিনি।
কমিশনার আরও জানান, অক্টোবরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ভোটার তলিকার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আগামী ১৫ মে'র মধ্যে সারাদেশে সাত কোটি ভোটার নিবন্ধিত হবে। জুনের মধ্যে সম্ভাব্য আট কোটি ভোটারের সবাই নিবন্ধিত হয়ে যাবে বলে আশা করছি আমরা। এরপর ভোটারদের আপত্তি সংশোধন করতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। তালিকা চূড়ান্ত হলেই আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করবো।"
তিনি জানান, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে কোনো ভোটার এলাকা ও ভোট কেন্দ্রের পরিবর্তন হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/এমএ/১৪৩০ ঘ.
bdnews24