ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন নতুন করে নিবন্ধনের সময়সীমা আর বাড়াবে না বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামী ৩১ মে এই সময়সীমা শেষ হচ্ছে।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, ৩১ মের পর পুনঃনিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সময়সীমা পার হলে নিবন্ধনবিহীন ফোন নম্বর পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। একবার বন্ধ হলে ওই সিম কার্ড আর চালু করা যাবে না।
তিনি বলেন, "মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য অনুসারে প্রায় ৭০ ভাগ মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করা হয়েছে। ৩১ মের মধ্যে বাকিগুলো করা সম্ভব।"
বিটিআরসি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত চারবার নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথম দফায় মেয়াদ ছিল গত বছরের ১৬ অক্টোবর পর্যন্ত। পরে দু'মাস সময় বাড়িয়ে সময়সীমা ১৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এরপর আবারো দু'মাস সময় বাড়িয়ে চলতি বছরের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। সর্বশেষ ৩১ মে পর্যন্ত নিবন্ধনের সময় দিয়েছে বিটিআরসি।
দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের তথ্য সমন্বয়ের জন্য গত বছরের ১৬ আগস্ট থেকে মোবাইল ফোন নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসকে/২১৩৪ঘ.
bdnews24