ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস বৃহস্পতিবার। রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণে প্রতিবছর দিনটি পালন করা হয়। এবার পালিত হবে ডুনান্টের ১৮০তম জন্মবার্ষিকী।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা জানান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুর রব।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় রেডক্রিসেন্টের জাতীয় সদরদপ্তরে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হবে। সাড়ে ৭টায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হবে। বিকেল চারটায় মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এছাড়া স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ও দুস্থ রোগীদের মধ্যে উপহার বিতরণ করা হবে।
সকল জেলা সদরেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এসএনডি/১৯২৫ ঘ.
bdnews24