২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের সাবেক সাংসদ ফরিদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-২ আসনের সাবেক বিএনপি সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও তার স্ত্রী নূর আক্তার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-২ আসনের সাবেক বিএনপি সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও তার স্ত্রী নূর আক্তার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রব নকিব বাদি হয়ে বুধবার ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই দম্পতির বিরুদ্ধে ৩ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৩৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।" সাবেক সাংসদ ফরিদ বর্তমানে কারাগারে রয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, ফরিদ গত বছর ২২ অক্টোবর কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে দেওয়া বিবরণে তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৪২১ টাকা। পরে দুদকের অনুসন্ধানে দেখা যায়, তার ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৫১৮ টাকার এবং তার স্ত্রী নুর আক্তার জাহানের ৮৭ লাখ ৯০ হাজার ৮৫৫ টাকার সম্পত্তি রয়েছে; যার সঙ্গে তাদের আয়ের সঙ্গতি নেই। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক এ সাংসদ চিংড়ি চাষ খাতে ১ কোটি ৪৩ লাখ টাকা, লবণ চাষে ৭০ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা, ইট ব্যবসায় দেড় লাখ টাকা, এবি ব্যাংকের আগ্রাবাদ শাখায় স্থিতি ৭৬ হাজার ৩০১ টাকা, মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ১৪ হাজার ৭২৪ টাকা, ইসলামী ব্যাংকে ৫ হাজার ৩৫৩ টাকা, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজে ১৬ লাখ ৩৫০০ টাকাসহ মোট ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৫১৮ টাকার সম্পদ কমিশনে দেওয়া বিবরণীতে গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯১৫ ঘ.