ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষের মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ সোবহান ওরফে শাহআলম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান ও সাদাত সোবহানসহ পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অন্যদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পলাতক আসামিদের বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক বুধবার দুপুরে এ আদেশ দেন।
গত ৬ মে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান ও বসুন্ধরা গ্র"পের পরিচালক পরিচালক আবু সুফিয়ান কারাগারে আছেন।
পলাতক পাঁচ আসামি হলেন, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ সোবহান ওরফে শাহআলম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান ও শাহাদাত সোবহান, তারেক রহমানের সহযোগী মিয়া নূরুদ্দিন অপু ও জিকিউ বলপেন কোম্পানির মালিক কাজী সালিমুল হক কামাল।
আদালত আগামী ১৩ মে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
একই আদালতের বিচারক নাইকো দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরিফ, সি এম ইউসুফ হোসেন, মীর মায়নুল হক, শফিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এ মামলায়ও ১৩ মে গ্রেপ্তারের বিষয়ে তথ্য আদালতে উপস্থাপন এবং কারাগারে থাকা আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ মে দুর্নীতি দমন কমিশন নাইকো দুর্নীতি মামলায় ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/এমএ/১৮৪৫ ঘ.
bdnews24