প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতে গত এক বছরে বিচারাধীন প্রায় ২০০ মামলার মধ্যে রায় হয়েছে ৭৬টির। উচ্চ আদালতের স্থগিতাদেশে আটকে আছে অনেকগুলো মামলা। আর এটাই মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ধীর গতি তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতের এক বছর পূর্তি হলো গত মঙ্গলবার। সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচার দ্রুত করার উদ্দেশ্যেই গত বছরের ৬ মে এ বিশেষ আদালতগুলো স্থাপন করা হয়। সেখানে ৯টি আদালতে গত এক বছরে দুর্নীতির দায়ে সাজা পেয়েছেন শতাধিক ব্যক্তি; যাদের অধিকাংশই রাজনীতিবিদ।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান, বিশেষ আদালতে কমিশনের দায়ের করা ১০৪টি মামলার বিচার চলছে। এর মধ্যে রায় হয়েছে ৪৫টির। ১৭টি মামলার কার্যক্রমের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। আদালতে আসার আগেই স্থগিতাদেশ আসায় বন্ধ হয়ে রয়েছে অনেকগুলো মামলার তদন্ত কার্যক্রম।
বিশেষ আদালতে রায় হওয়া অপর মামলাগুলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা। এনবিআরের মামলাগুলোর বেশিরভাগের ওপরই উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
সংসদ ভবনের বিশেষ জজ আদালতগুলোতে বর্তমানে শতাধিক মামলার বিচার কাজ চলছে। এর মধ্যে উচ্চ আদালতের স্থগিতাদেশে অর্ধ শতাধিক মামলার কার্যক্রমই রয়েছে বন্ধ।
জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত এসব মামলার বিচার কাজ ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা থাকলেও মূলত উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণেই মামলাগুলো আটকে আছে বলে অভিযোগ করছেন আইনজীবীরা।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী সৈয়দ শামিম আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ আদালতের স্থগিতাদেশ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে একটি বিরাট বাধা। এছাড়া ভিআইপি রাজনীতিবিদদের অসুস্থ হওয়ার বাহানা, আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ ও অপ্রাসঙ্গিক জেরার কারণেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ধীর গতি তৈরি হচ্ছে।"
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুদদের মামলাটি ঝুলে আছে এক বছর।
এ মামলা প্রসঙ্গে কমিশনের একজন আইনজীবী বলেন, "প্রায় এক বছর হয়ে গেলেও তরিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার বিচার কাজ শুরু করা যায়নি। বার বার আদালত থেকে দিন ধার্য করা হলেও অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি এতদিনও হাজিরা দিতে আসেননি।"
তিনি জানান, একই ভাবে সাবেক উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দায়ের দুর্নীতির মামলাটির বিচার কাজও থেমে আছে বছর খানেক হলো।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান, গত প্রায় ১ বছরে সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কমিশন প্রায় আড়াই শতাধিক মামলা করছে। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে ১৭০টি মামলা।
দুদকের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের একটি বেঞ্চেই ১০৮টি মামলায় স্থগিতাদেশ হয়েছে।"
মামলার ধীরগতির প্রসঙ্গে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করাই আমাদের কাজ। এরপর বিচার প্রক্রিয়ায় আমাদের কোনও এখতিয়ার নেই। আর ন্যায়বিচারের স্বার্থে আমরা আদালতকে কোনও বিষয়ে প্রভাবিত করতে চাই না।"
আসামিদের 'অসুস্থতার ভান'র বিষয়ে তিনি বলেন, "যদি কেউ প্রকৃত অসুস্থ না হন, তবে তা যাচাই করার দায়িত্বও আদালতের। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/এমএ/১৬৩৫ ঘ.
bdnews24