২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে রিটের শুনানি শেষ

যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা রিট আবেদনের ওপর শুনানি বুধবার শেষ হয়েছে। হাইকোর্ট যে কোনো দিন রায় দিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা রিট আবেদনের ওপর শুনানি বুধবার শেষ হয়েছে। হাইকোর্ট যে কোনো দিন রায় দিতে পারে। এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করবে তারা। রিটের ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ রায়ের জন্য রিটটি অপেক্ষমান রাখার নির্দেশ দেন। ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান গত ২৪ জানুয়ারি এই রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কবে জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে তা সুনির্দিষ্টভাবে জানানোর জন্য হাইকোর্ট গত ৩০ এপ্রিল মৌখিক নির্দেশ দেয়। এর জবাবে বুধবার কমিশনের আইনজীবী ড. শাহদীন মালিক আদালতকে বলেন, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অক্টোবরে ভোটার তালিকার কাজ শেষ হবে। রিটকারী মাসুদ রেজা শুনানিতে বলেন, নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকার শতকরা ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ২০ ভাগ কাজ শেষ করতে কমিশন ছয় মাস সময়ের কথা উল্লেখ করেছে। এটি অযৌক্তিক। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, ভোটার তালিকা তৈরি না হওয়াসহ বিভিন্ন কারণে নির্ধারিত ৯০ দিনের মধ্যে নির্বাচন হয়নি। আদালত বলেন, নির্বাচন কমিশনকে তাদের ইচ্ছামত সময়ে নির্বাচন করার লাইসেন্স দেয়া হয়নি। রিটকারী বলছেন, তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে। অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশন বলছে, সাত মাসের মধ্যে নির্বাচন হবে। আসলে কি সাত মাসের মধ্যে নির্বাচন হবে? জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, "আমি আশা করছি, এই সময়ের মধ্যেই নির্বাচন হবে।" আদালত বলেন, আপনি এখনো আশা করেন? সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে সংসদ ভাঙার ৯০ দিনের মধ্যে নির্বাচন হয়নি। শাহদীন মালিক বলেন, "আইনে যাই বলা থাকুক না কেন, সংবিধান হচ্ছে মূল। সংবিধানের কোনো অনুচ্ছেদ আলাদা করে ব্যাখ্যা করার সুযোগ নেই। সামগ্রিকভাবে দেখতে হবে।" আদালত বলেন, সংসদের মেয়াদ ৫ বছর। কোনো সরকার কি ৫ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে? ড. মালিক বলেন, জরুরি অবস্থা জারিকে অ্যাক্ট অব গডের সঙ্গে তুলনা করা যায়। আদালত বলেন, জরুরি অবস্থা ও অ্যাক্ট অব গড এক নয়। গত ২৭ জানুয়ারি ব্যারিস্টার সোবহানের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুলনিশি জারি করেছিল। পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবেনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবের কাছে আদালত তারও কারণ জানতে চেয়েছিল। ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান গত ২৪ জানুয়ারি এই রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৬২৮ ঘ.