২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চোরাই চক্রের সদস্য অভিযোগে চারজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

শহরের তেলিপাড়া এলাকার একটি গ্যারেজের সামনে থেকে মঙ্গলবার দুটি প্রাইভেট গাড়ি উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

গাজীপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের তেলিপাড়া এলাকার একটি গ্যারেজের সামনে থেকে মঙ্গলবার দুটি প্রাইভেট গাড়ি উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- গাজীপুর সদরের দড়িবলধা এলাকার নূরুল ইসলামের সাখাওয়াত হোসেন (৩২) বরিবেকার মনিরউদ্দিন সরকারের ছেলে মোজাম্মেল হক (৩৫), কামারিয়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. শহীদ (২৪) ও শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার শেখ আলফাজের ছেলে নূরুল ইসলাম (২২)। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মদন মোহন বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিপাড়া এলাকার হৃদয় অটোমোবাইলের সামনে থেকে সবুজ রঙের (ঢাকা মেট্রো-গ-১১-৩৮৫৯) ও সাদা রঙের (চট্ট মেট্রো-ক-০২-০৬৮২) গাড়ি দুটি আটক করা হয়। তিনি আরও জানান, সবুজ রঙের প্রাইভেট গাড়িটির স্বত্বাধিকারী দিনাজপুরের সুইখালী এলাকার জনৈক সাঈদ হোসেন। দিনাজপুর থেকে গাড়িটি চুরি হওয়ার পর সাখাওয়াত হোসেন নিজ নামে ভূয়া কাগজপত্র তৈরি করে ব্যবহার করছেন। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মাসুদ খান জানান, সাদা গাড়িটি চট্টগ্রাম থেকে চুরি হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। অপর উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, চোরাই দলের নেতা সাখাওয়াত হোসেন গাজীপুর পৌরসভার গাড়ি চালক পদে চাকরি করতেন। বিভিন্ন অপকর্মের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে সে গাড়ি চোরাই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। তিনি আরও জানান, চোরাই গাড়ি মাদক পরিবহনে ব্যবহৃত হত বলে পুলিশ জানতে পেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.