গাজীপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরির দাবিতে গাজীপুর সদরের তোগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ' শ্রমিক মঙ্গলবার সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
রোজ ফ্যাশন নামে ওই পোশাক কারখানার ক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা গত মার্চ মাসের বেতন ও তিন মাসের অতিরিক্ত কাজের (ওভারটাইম) মজুরি পাওনা রয়েছেন। দেই-দিচ্ছি করে কারখানা কর্তৃপক্ষ কাল ক্ষেপণ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বকেয়ার দাবিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকে এবং কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।
সকাল সাড়ে ৯টার দিকে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে জয়দেবপুর চৌরাস্তা দিয়ে চলাচলকারী ৩৮টি রুটের যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাড়ে ১০ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
পরে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সজীব দত্ত রোজ ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো জিলানীর বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১১টায় বকেয়া পরিশোধের প্রতিশ্র"তি দেওয়া হলে শ্রমিকরা শান্ত হয়।
শ্রমিকদের সঙ্গে মালিকের সমঝোতা হলেও পরে আর কারখানায় উৎপাদন হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24