ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি প্রকল্প এলাকা থেকে জনবসতি তুলে দিতে সামরিক বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সম্মতি আদায়ের চেষ্টা চালাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে সেনা সদরদপ্তর।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই অভিযোগের ব্যাপারে তাদের ব্যাখ্যা দেওয়া হয়।
এতে বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় একজন প্রশিক্ষণরত কর্মকর্তার গবেষণার বিষয়ের ওপর সমীক্ষা চলানোই ছিল এর মূল লক্ষ্য। 'ফুলবাড়ি চুক্তির মূল্যায়ন ও বিকল্প নীতির সন্ধান' শীর্ষক গবেষণা কাজের জন্য ওই কর্মকর্তা ১৪টি প্রশ্ন তৈরি করে ২৫ থেকে ৩০ জন স্থানীয় মানুষের ওপর একটি সমীক্ষা চালান। এতে স্থানীয় সেনাসদস্যরা তাকে সহায়তা করেন।
গবেষণার বিষয় ছাড়া ফুলবাড়ি কয়লা খনি সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে ওই সেনাসদস্যরা সম্পৃক্ত ছিল না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
রোববার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলনে ফুলবাড়িতে সেনা সদস্যদের জরিপ পরিচালনা জনসাধারণের মধ্যে ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, "সামরিক বাহিনীর কতিপয় সদস্য সামরিক পোষাকে খনি এলাকায় নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন এবং ক্ষতিপূরণের বিনিময়ে গ্রাম ছাড়তে রাজি আছেন কিনা মানুষজনকে তা জিজ্ঞেস করছেন। সামরিক পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে কোনও ব্যক্তি যদি জনমত যাচাই করতে চান তাহলে তা ভয় দেখিয়ে বলপূর্বক সম্মতি আদায়ের চেষ্টার পর্যায়ে পড়ে।"
তিনি আরও বলেন,"জরিপের সময় স্থানীয়দের কাছে গ্রাম ছাড়তে রাজি আছেন কিনা প্রশ্নে সরাসরি হ্যাঁ অথবা না জানতে চাওয়া হচ্ছে। সরকার জরিপ করতেই পারে। তবে সামরিক পোশাকে জরিপ ভীতির সৃষ্টি করে। এভাবে জরিপ হয়না। তারা কিভাবে যাচ্ছে জানি না। সরকারের উচিত এ বিষয়টির ফয়সালা করা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/এসকে/১৬৫৪ঘ.
bdnews24