ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
এদিন এ মামলার অপর আসামী তৌফিক ই ইলাহী চৌধুরীকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের উপর শুনানি শেষ হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/০৯৫৬ ঘ.
bdnews24