২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ যাত্রীদের হয়রানির একশেষ

পুরনো ঢাকার আলতাফ আলি সপরিবারে সদরঘাট রওয়ানা দিয়েছিলেন বরিশালে ভাইয়ের মেয়ের বিয়েতে যাওয়ার উদ্দেশে। কিন্তু সদরঘাটের তুলকালাম ঘটনা তার পরিকল্পনা ভেস্তে দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, ০৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুরনো ঢাকার আলতাফ আলি সপরিবারে সদরঘাট রওয়ানা দিয়েছিলেন বরিশালে ভাইয়ের মেয়ের বিয়েতে যাওয়ার উদ্দেশে। কিন্তু সদরঘাটের তুলকালাম ঘটনা তার পরিকল্পনা ভেস্তে দিল। লঞ্চে করে বরিশাল যাওয়া হয়নি আলতাফ আলির। দীর্ঘ অপেক্ষার পর বাস ধরার জন্য বিকেলে সদরঘাট থেকে বেরিয়ে যান তিনি। মনে এক সঙ্গে ছয় টিকিট পাবেন কিনা এই আশংকা। রোববার সকালে সদরঘাটের গুদারাঘাটে দু'টি লঞ্চ পুড়িয়ে দেওয়ার পর লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দিনভর নানান বিড়ম্বনা পোহান হাজার হাজার যাত্রী। প্রায় ৯ ঘন্টা পর আবার লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হলে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার সকাল থেকেই উত্তেজনা চলায় সদর ঘাটের সব কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এসময় শতশত যাত্রী সদরঘাটে এসে বিড়ম্বনার মধ্যে পড়েন। কাউন্টারের একটি খোলা জানালা থেকে এক ব্যক্তি চিৎকার করে যাত্রীদের মালিক সমিতির অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। ব্যবসায়ী জালাল আহমেদ দীপু স্ত্রীকে নিয়ে এসেছিলেন বরিশালের লঞ্চে উঠিয়ে দিতে। এজন্য তিনি আগেই সুন্দরবন-৭ নামের একটি লঞ্চের টিকিট কিনেছিলেন। সোমবার তার ডাক্তার স্ত্রীর বরিশাল মেডিকেল কলেজে যোগ দেওয়ার কথা। কিন্তু লঞ্চ চলা অনিশ্চিত হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে টিকিট ফেরত দেওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা যায়। বাংলা কলেজের ছাত্র মতিউর রহমান, আতিয়ার আলির মতো অসংখ্য যাত্রী দীর্ঘ অপেক্ষার পর সদরঘাট ছেড়ে চলে যান। সন্ধ্যার পর লঞ্চ চালু হওয়ায় অনেক যাত্রীকে তাড়াহুড়া করে টিকিট কেটে লঞ্চে ওঠার চেষ্টা করতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২৩০৭ঘ.