২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'ঘন্টা বন্ধ থাকার পর জিয়ায় স্বাভাবিক কার্যক্রম শুরু

অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি এয়ারবাস রোববার সন্ধ্যায় রানওয়ের বাইরে চলে যাওয়ায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে। ১৪৩ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে আসা ওই উড়োজাহাজের সব আরোহী অক্ষত রয়েছেন। রাত ৯টার দিকে বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি এয়ারবাস রোববার সন্ধ্যায় রানওয়ের বাইরে চলে যাওয়ায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে। ১৪৩ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে আসা ওই উড়োজাহাজের সব আরোহী অক্ষত রয়েছেন। রাত ৯টার দিকে বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, লন্ডন-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বিজি-১১৮ সন্ধ্যা পৌনে ৭টায় জিয়ায় নামে। কিন্তু অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের 'সেন্ট্রাল লাইন' থেকে ছিটকে ৬৫ ফুট দক্ষিণে চলে যায় এবং এর একটি চাকা মাটিতে দেবে যায়। ওই ঘটনার পর সন্ধ্যা ৭টা ১০ থেকে দু'ঘন্টার জন্য রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। ক্রেনের সাহায্যে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরানোর পর রাত ৯টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বলে মোশাররফ হোসেন জানান। ঘটনার পরপরই বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সাইদুল হাসান যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদে আছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। প্রায় দু'ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকায় দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বিত হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এমিরেটস এর একটি ফ্লাইট জিয়ায় অবতরণ করার কথা থাকলেও পরে তা কলকাতায় অবতরণ করে। আর জিএমজি এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট নির্ধারিত সময়ে জিয়া বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে ব্যর্থ হয়। অভ্যন্তরীণ রুটে বিমানের চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট এবং ইউনাইটেড এয়ারলাইনস ও রয়েল বেঙ্গল এয়ারলাইনসের যশোর-ঢাকা ফ্লাইটও বিলম্বিত হয়। মোশাররফ হোসেন জানান, এ ঘটনার কারণ অনুসন্ধানে বিমানের পরিচালক (গ্রাহক সেবা) আমিনুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এসকে/২২২৫ঘ.