ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প এলাকা থেকে জনবসতি তুলে দিতে সামরিক বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সম্মতি আদায় করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রকল্পটির বিরোধিতাকারী সংগঠন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ অভিযোগ করেছে।
রাজধানীতে রোববার এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেন, "এলাকায় সেনা সদস্যদের জরিপ পরিচালনা জনসাধারণের মধ্যে ভীতি ছড়াচ্ছে।"
ফুলবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শামীম আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধিকে বলেন,"স্থানীয় লোকজন এ বিষয়ে আমাকে জানিয়েছেন। তবে এটি পুরোপুরি সেনাবাহিনীর ব্যাপার। আমার কিছু বলার নেই।"
স্থানীয় দু'জন ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনাসদস্যরা তাদেরকে খনি প্রকল্প সম্পর্কিত ১৯টি প্রশ্ন করেছে। তবে জোর করে সম্মতি আদায়ের চেষ্টা করেনি।
রোববার সকাল ১১ টায় পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ আরও অভিযোগ করেন, "ব্রিটিশ সরকার হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের ওপর জনবিরোধী এ প্রকল্প বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করছে।"
অধ্যাপক আনু মুহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, "সামরিক বাহিনীর কতিপয় সদস্য সামরিক পোষাকে খনি এলাকায় নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন এবং ক্ষতিপূরণের বিনিময়ে গ্রাম ছাড়তে রাজি আছেন কিনা মানুষজনকে তা জিজ্ঞেস করছেন। সামরিক পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে কোনও ব্যক্তি যদি জনমত যাচাই করতে চান তাহলে তা ভয় দেখিয়ে বলপূর্বক সম্মতি আদায়ের চেষ্টার পর্যায়ে পড়ে।"
তিনি বলেন,"জরিপের সময় স্থানীয়দের কাছে গ্রাম ছাড়তে রাজি আছেন কিনা প্রশ্নে সরাসরি হ্যাঁ অথবা না জানতে চাওয়া হচ্ছে। সরকার জরিপ করতেই পারে। তবে সামরিক পোশাকে জরিপ ভীতির সৃষ্টি করে। এভাবে জরিপ হয়না। তারা কিভাবে যাচ্ছে জানি না। সরকারের উচিত এ বিষয়টির ফয়সালা করা।"
অর্থনীতির এ অধ্যাপক জানান, ফুলবাড়ি শহরের পাশের গ্রামে এ জরিপ করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারা বলেছে 'খোঁজ নিচ্ছি'। সামরিক বাহিনীর কেউ কেউ এলাকাবাসীকে বলেছেন তারা জাতীয় স্বার্থ রক্ষা করতে চান।
তিনি বলেন, "সামরিক বাহিনীকে জনগণ নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জানে। এ বাহিনীকে কোনও স্বার্থান্বেষী মহল যদি জনগণের বিরুদ্ধে ব্যবহার করে বা বিদেশি কোম্পানির মুনাফা অর্জনের জন্য সম্পদ দখল ও লুণ্ঠনে ব্যবহার করে জনগণ তা কোনভাবেই মেনে নেবে না। আমরা এ ধরনের তৎপরতার নিন্দা জানাই এবং অবিলম্বে এসব বন্ধের দাবি জানাই।"
কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান এশিয়া এনার্জি হাতে গোনা কয়েকজন সাংবাদিক, পরামর্শক ও সাবেক আমলাকে নিয়ে 'ভূঁইফোড় সংগঠনের' জন্ম দিয়েছে বলে অভিযোগ করেন আনু মুহাম্মদ। তিনি আরো বলেন, "তারা বিজ্ঞাপন দিয়ে সংবাদপত্র কেনার চেষ্টা করছে। অর্থ, উপঢৌকন, লোভ অর্থাৎ দুর্নীতির মাধ্যমে দালাল তৈরি চেষ্টা করছে।"
কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "সামরিক পোশাকে তিনজন গিয়ে স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করেছে ক্ষতিপূরণ দিলে তারা যাবে কিনা। উত্তর এড়াতে চাইলে সরাসরি হ্যাঁ বা না জানতে চাওয়া হয়। সেনাবাহিনীর লোকজন জাতীয় কমিটির ওখানকার সদস্য সচিব নুরুজ্জামানকে জরুরি অবস্থা জারির এক মাস পরে ধরে নিয়ে পিটিয়েছে। সামরিক কর্মকর্তারা এক স্থানীয় দালালকে নিয়ে দোকানে দোকানে ঘুরে জিজ্ঞাসা করেছেন তারা কেউ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিকে চাঁদা দিয়েছে কিনা।"
তিনি বলেন, "ফুলবাড়ীর প্রশাসন শঙ্কিত। ওখানে গেলে গোয়েন্দারা পেছনে লেগে থাকে। আনু মুহাম্মদকে বিরামপুরে আটকে রেখেছিল। ফুলবাড়ী যেতে দেওয়া হয়নি। ফুলবাড়ী নিয়ে জরিপের কোনও প্রয়োজন নেই। জনগণ তাদের রায় আগেই দিয়ে দিয়েছে।"
ফুলবাড়ি কয়লা খনি চুক্তি নিয়ে কমিটির আহ্বয়ক বলেন, "কোনও চুক্তি হয়নি যে তা বাতিল করতে হবে। এশিয়া এনার্জি ওখানে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করেছে। তারা উন্নয়ন পরিকল্পনা জমা দিলেও তা অনুমোদিত হয়নি। তারা কোনও কাজ পায়নি। কেন এশিয়া এনার্জি এদেশে? আমাদের আন্দোলন চলছে। এটা অব্যাহত থাকবে।"
সংবাদ সম্মেলনে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডে বর্তমানে প্রতিদিন ৫০ থেকে ৮০ লাখ ঘনফুট গ্যাস নষ্ট হচ্ছে। মার্কিন তেল কোম্পানি শেভরনের কাছে মাগুরছড়া বিস্ফোরণের সূত্রে পাওনা ৯ হাজার কোটি টাকা আদায় করার জন্য আগের সরকারগুলোর মতই এ সরকারও কোনও উদ্যোগ গ্রহণ করেনি। আগের উৎপাদন ও বন্টন চুক্তির কারণে প্রতি বছর সরকারকে ভতুর্কি দিতে হচ্ছে দেড় হাজার কোটি টাকা।
সংবাদ সম্মেলনে দুই বছর আগে সাবেক জোট সরকারের করা লিখিত অঙ্গীকার অনুসারে ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে বহিষ্কার ও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বর্তমান রপ্তানিমুখী উৎপাদন ও বন্টন চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হোসেন মনসুর, জুনায়েদ সাকী, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও মোশরেফা মিশু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/এসকে/১৮০৫ ঘ.
bdnews24