বাগেরহাট, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের দড়াটানা নদীর মুনিগঞ্জ খেয়াঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ কলেজ শিক্ষকসহ আরও দুজনের লাশ রোববার সকালে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত দুজন হলেন- বাগেরহাট সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক অরবিন্দু দাস (৩৭) এবং 'হেল্প' নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মচারি আলমগীর হোসেন (৩৫)।
অরবিন্দু দাস যশোর জেলার কেশবপুর উপজেলার বায়সা গ্রামের হরিপদ দাসের এবং আলমগীর বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের আতাইকাঠি গ্রামের সাদের আলীর ছেলে।
শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় ট্রলার থেকে ছিটকে পড়ে এরা দুজন নিখোঁজ হয়েছিলেন। এর আগে ঘটনার রাতে হাফিজুর রহমান নামে আরেক জনের লাশ উদ্ধার করা হয়।
এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের লাশ উদ্ধার হল। তবে আর কেউ নিখোঁজ আছে কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, অরবিন্দু দাসের মৃতদেহ দড়াটানা সেতুর নিচ থেকে এবং বেসরকারি সংস্থা হেল্পের কর্মচারি আলমগীর হোসেনের মৃতদেহ মুনিগঞ্জ ফেরিঘাট থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর কোন ব্যাক্তি নিখোঁজ আছে কি না সে সম্পর্কে সদর থানা পুলিশের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বাগেরহাট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রওশন আক্তার জানান, সকালে শিক্ষক অরবিন্দুর লাশ কলেজে নিয়ে আসার পর শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে শেষ বিদায় জানান। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। পরে জেলা প্রশাসনের দেওয়া গাড়িতে করে অরবিন্দুর মৃতদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়।
শুক্রবার রাত ৯টা নাগাদ প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সময় বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা নদীর মুনিগঞ্জ খেয়া ঘাট পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রলার থেকে ১০-১৫ জন যাত্রী নদীতে ছিটকে পড়ে।
ঘটনার পর থেকে স্থানীয় লোকজন, দমকল বাহিনীর ডুবুরী, পুলিশ ও রেডক্রিসেন্টের সদস্যরা প্রায় ১৪ ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজদের সন্ধান না পেয়ে শনিবার বিকালে উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৯ ঘ.
bdnews24