২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নৌযানে চাঁদাবাজির সময় ট্রলারসহ ছয়জন আটক

চাঁদপুরে মেঘনা নদীতে ট্রলারে চাঁদাবাজির সময় রোববার সকালে ছয়জনকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলারও আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চাঁদপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে ট্রলারে চাঁদাবাজির সময় রোববার সকালে ছয়জনকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলারও আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সদর উপজেলার বাবুরহাট এলাকার রঙেরগাঁও গ্রামের তাজউদ্দিন শেখের ছেলে মো. হানিফ (৪২), হাইমচরের ঈশানবালা এলাকার সৈয়দ মিয়ার ছেলে দুদু মিয়া (৪৫), একই এলাকার এলাকার মফিজ উদ্দিন রাঢ়ীর ছেলে আব্দুল ওহাব রাঢ়ী (৪৫), পুরানবাজারের ইব্রাহিমপুর এলাকার আব্দুল ওহাব শেখ (৭২), একই এলাকার আলী হোসেন গাজীর ছেলে লিটন গাজী (২৫) এবং মান্নান গাজীর ছেলে মনির হোসেন (২০)। উপকূলরক্ষী বাহিনীর চাঁদপুর স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে। সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চাঁদপুর সদর উপজেলার আলুরবাজার, ঈশানবালাসহ মেঘনা নদীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। রোববার তারা চাঁদপুরের মতলব থেকে বরিশালের মুলাদীগামী আলুভর্তি 'আল্লাহর দান' নামের একটি ট্রলার থামিয়ে ১২শ' টাকা চাঁদা দাবি করে। এ সময় ওই ট্রলারে আগে থেকে ওঁৎ পেতে থাকা উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ওই ছয়জনকে হাতেনাতে আটক করে। আটককৃত ওহাব শেখ উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছেন মেঘনার বিভিন্ন স্থানে নৌযানে চাঁদাবাজিতে নেতৃত্বে দিচ্ছেন চাঁদপুরের ষোলঘর এলাকার খলিল শিকদার, পুরানবাজারের শ্রীরামদী এলাকার হাফেজ মেম্বার, হাইমচরের ঈশানবালা এলাকার খোকা পেদা, বাচ্চু কাকা, এনায়েত উল্যা সরদার ও স্বপন মেম্বার। ওহাব আরও জানিয়েছেন, তারা আগে নদীতে নৌযানপ্রতি থেকে ৫০ থেকে ৬০ টাকা করে চাঁদা আদায় করতো। বর্তমানে পাঁচশ' থেকে দেড় হাজার টাকা করে আদায় করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৬ ঘ.