২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাপ নেতা ভাষাসৈনিক সৈয়দ আশরাফ মারা গেছেন

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতিমণ্ডলীর সদস্য, ভাষাসৈনিক সৈয়দ আশরাফ হোসেন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 07:56 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

পটুয়াখালী, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতিমণ্ডলীর সদস্য, ভাষাসৈনিক সৈয়দ আশরাফ হোসেন মারা গেছেন। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। ন্যাপ নেতা আশরাফ হোসেনের মৃত্যুর খবর তার নিজ এলাকা পটুয়াখালীতে এলে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার পটুয়াখালীর বাসায় ছুটে যান। সৈয়দ আশরাফ ১৯৩০ সালে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। আইয়ুববিরোধী আন্দোলনে জড়িয়ে জেলও খাটেন তিনি। পরে তিনি ন্যাপের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ আশরাফ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে পটুয়াখালীতে সক্রিয় ছিলেন। সৈয়দ আশরাফের মৃত্যুতে ন্যাপপ্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ, বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৬ ঘ.