ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ইরাকি দূতাবাস রোববার থেকে আবার সচল হয়েছে। পাঁচ বছর পর শুরু হয়েছে দূতাবাসের কার্যক্রম।
ঢাকায় নিযুক্ত ইরাকের নতুন শার্জ দ্য অ্যাফেয়ার্স সাবরি রশিদ রোববার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র দিয়েছেন।
উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাবরি রশিদ সাংবাদিকদের বলেন, "এখন থেকে ঢাকায় আমাদের দূতাবাসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ও ইরাকের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্যই আমরা এখানে এসেছি।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইরাকের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ফিরে এলে বাংলাদেশ থেকে আমরা জনশক্তি নেব।"
২০০৩ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর ইরাক অভিযানের পর ঢাকায় ইরাকি দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৩১৩ ঘ.
bdnews24