শরীয়তপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেদরগঞ্জের সাজনপুর এলাকায় অলংকার সিনেমা হলের কাছে শুক্রবার রাতে দুই মটরসাইকেল চালককে হত্যা করেছে দুস্কৃতকারীরা।
হত্যাকারীরা তাদের মোটরসাইকেলও নিয়ে যায়। পরে পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নিহতরা হলেন- সদর উপজেলার চিকন্দী গ্রামের জলিল খাঁর ছেলে মিন্টু খাঁ (২০) ও তুলাসার গ্রামের ইয়াছিন বেপারীর ছেলে আলমগীর বেপারী ওরফে এসপি আলমগীর (২৮)। এরা শরীয়তপুরের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামান জানান, শুক্রবার রাতে ভেদরগঞ্জের সাজনপুরে অলংকার সিনেমা হলের কাছে এ দুই মোটরসাইকেল চালককে হত্যা করা হয়। তাদের মাথায় গুলি আঘাত ছিল। গলায় দাগ দেখে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ ও গুলি করে হত্যা করা হয়েছে।
লাশ দুটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শরীয়তপুর পুলিশ সুপার মো. শাহারিয়া রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, "ছিনতাইকারীরা জেলার বাইরে থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।"
শরীয়তপুর শহরের জজকোর্ট এলাকায় অবস্থিত মোটরসাইকেল গ্যারেজের কর্মচারি আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাত ১১টার দিকে ৪/৫জন লোক ৬০০ টাকায় মিন্টু খাঁ ও আলমগীর বেপারীর মোটরসাইকেল দুটি ভাড়া করে ভেদরগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আলমগীর বেপারীর মা রিজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলে শুক্রবার রাত ৯টায় বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আজ (শনিবার) ভোরে খবর পাই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24