২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আগুনে পুড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় শুক্রবার রাতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও দু'জনসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতরা হলেন- জ্যোতিষী প্রদীপ আচার্য (৪৫), তার স্ত্রী কল্পনা আচার্য (৩৮) ও ছেলে সুজন আচার্য (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

কক্সবাজার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় শুক্রবার রাতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও দু'জনসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতরা হলেন- জ্যোতিষী প্রদীপ আচার্য (৪৫), তার স্ত্রী কল্পনা আচার্য (৩৮) ও ছেলে সুজন আচার্য (২০)। আহতদের মধ্যে আছে প্রদীপ আচার্যের দুই ছেলে রবি আচার্য (১৬) ও দুর্জয় আচার্য (৮)। এদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ঘোনারপাড়ার বাসিন্দা দীপক শর্মা দীপু জানান, এলাকার কৃষ্ণানন্দধাম মন্দিরের পাশে রাত ২টার দিকে একটি বসতবাড়িতে আগুন লাগে। আধাপাকা ওই বাড়ির দ্বিতীয় তলায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন জ্যোতিষী প্রদীপ আচার্য। আগুন লাগার পর নিচতলার লোকজন বেরিয়ে আসতে পারলেও দ্বিতীয় তলার কেউ বেরুতে পারেননি। ঘটনাস্থলেই ওই তিনজন আগুনে পুড়ে মারা যান। আগুনে পুড়ে আহত হয় প্রদীপ আচার্যের দুই ছেলে রকি ও দুর্জয়। এছাড়া আগুন নেভাতে গিয়ে আরও আটজন সামান্য আহত হন বলে তিনি জানান। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। দমকল কর্মী শাহীনুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দিদারুল আলমের নেতৃত্বে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ঘটনাস্থলে ঢোকার রাস্তা সরু হওয়ায় দমকলের পানিবাহী গাড়ি ভেতরে যেতে পারেনি। পরে অনেক দূর থেকে পাইপ দিয়ে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, ওই ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছেন। অগ্নিদগ্ধ হয় আরও দু'জন। তবে কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী বাদল রায় জানান, রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে নিহত ও আহতদের হাসপাতালে আনা হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের লাশ মর্গে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৯ ঘ.