২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার পাঁচ জেলায় ঝড়ে নিহত ৪, কয়েক হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত

ময়মনসিংহ, রংপুর, শেরপুর, জামালপুর ও গাইবান্ধায় বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘর চাপা পড়ে দুজন, বজ্রপাতে একজন এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ, রংপুর, শেরপুর, জামালপুর ও গাইবান্ধায় বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘর চাপা পড়ে দুজন, বজ্রপাতে একজন এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। এছাড়া ঝড়ের তান্ডবে এই চার জেলায় কয়েক হাজার ঘর-বাড়ি ও শিক্ষপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসল ও বিদ্যুৎ ব্যবস্থার। নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীর চর ইউনিয়নের মাদারপুর গ্রামের সমীর আলীর ছেলে মজনু (৭), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের আলীরপাড় গ্রামের লোকমান আলী (৬০), গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্যাটকামারি গ্রামের গোলাম মোস্তফা (৪০) এবং ময়মনসিংহের ইশ্বরগঞ্জের সরিষা গ্রামের রুমন মিয়া (২০)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর - রংপুর: বৃহস্পতিবার রাতে রংপুর সদরসহ তিন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, ভূট্টা ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেতের ধান ঝরে গেছে। একইভাবে ভূট্টা ও পাট ক্ষেতও নষ্ট হয়েছে। ঝড়ে প্রায় পাঁচশ' বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে ও খুঁটি উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ঘর ও গাছ চাপা পড়ে নারী পুরুষ ও শিশুসহ আহত হয়েছে ৩০ জন। এদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । রংপুর আবহাওয়া কার্যালয় জানায়, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৩ কিলোমিটার। স্থানীয়রা জানায়, কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে রংপুরের পীরগাছা উপজেলায়। সেখানে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা ও সাড়ে ১২টায় দু'দফায় কালবৈশাখী আঘাত হানে, সঙ্গে ছিল শিলাবৃষ্টি। অনন্তরামপুর , সুকানপুকুর , পবিত্রঝাড়, তালুক ইসাদ সহ বিভিন্ন গ্রামের শতকরা ৮০ ভাগ বোরো ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টা ও পাট ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক বাশের আলী জানান, এবার তিনি ২২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। ধান কাটার আর মাত্র ৫ থেকে ৭ দিন বাকি ছিল। কালবৈশাখী আর শিলাবৃষ্টি সব তছনছ করে দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার আলী জানান, তার ১২ বিঘা জমির ধান ও ২ বিঘা জমির পাট নষ্ট হয়েছে। তাম্বুলপুর, অন্নদানগর, কান্দি, সুকান পুকুর, পবিত্র ঝাড়, তালুক ইসাদ গ্রামে গিয়েও একই দৃশ্য দেখা গেছে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম কুমার জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার সদর ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার ধান ও ভুট্টা ক্ষেতের শতকরা ৮০ ভাগ নষ্ট হয়েছে। বেশি ক্ষতি হয়েছে কান্দি ইউনিয়নের। উপজেলা কৃষি কর্মকর্তা নুরল আমিন জানান, চলতি মৌসুমে পীরগাছা উপজেলায় ১৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিলো। ফলনও হয়েছিলো বাম্পার। কিন্তু কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে প্রায় আড়াই হাজার হেক্টর জমির ধান ও ৪০০ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। পীরগাছা ছাড়াও কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পাঁচটি গ্রামেও ব্যাপক ক্ষতি হয়। শেরপুর: জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের ৮টি গ্রামের ওপর দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের আঘাতে বিধ্বস্ত ঘরের চালার নিচে চাপা পড়ে মাদারপুর গ্রামের সমর আলীর ছেলে মজনু (৭) মারা গেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০জন। ঝড়ের তাণ্ডবে আটটি গ্রামের দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও অনেক গাছ ভেঙে পড়েছে। সেইসঙ্গে প্রায় তিন হাজার একর বোরো ধানের ক্ষতি হয়েছে। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল কাদের খান ও শ্রীবরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ হালগড়া, মাদারপুর, লংগরপড়া, ভাংগাপাড়া, রূপার পাড়া, গড় পাড়া, খাড়িয়াসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। জামালপুর: জেলার বকশীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে লোকমান আলী (৬০) নামে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। নিহতের বাড়ি বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে। ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সাত হাজার বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় কোন ত্রাণ তৎপরতা শুরু হয়নি। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় প্রায় এক ঘণ্টা স্থায়ী কালবৈশাখী ঝড়ে উপজেলার নিলক্ষিয়া, সাধুরপাড়া, বগারচর ও মেরুরচর ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিলক্ষিয়া ও সাধুরপাড়া ইউনিয়ন। কৃষি বিভাগ এবং ত্রাণ ও পুনর্বাসন শাখা জানায়, সরকারি হিসেবে এ চারটি ইউনিয়নের প্রায় দুই হাজার হেক্টর জমির বোরো ধানের অন্ততপক্ষে শতকরা ১০ ভাগ ধান সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, "জেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে আমরা ২০ হাজার টাকার একটি চেক পেয়েছি। কিন্তু ছুটির দিন থাকায় ক্ষতিগ্রস্ততের মাঝে তা বিতরণ করা সম্ভব হয়নি। রোববার থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু হবে।" গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর ও ফুলছড়ি উপজেলার ১১টি ইউনিয়নের ওপর দিয়ে বৃহস্পতিবার মধ্য রাতে কয়েক দফায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে গোলাম মোস্তফা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্যাটকামারি গ্রামে। গাছ ও ঘর চাপা পড়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। ঝড়ে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি, ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ে উঠতি বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে। শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক আবু মোহাম্মদ ইউসুফ জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে পাঁচ মেট্রিকটন করে চাল দেওয়া হবে। ইতোমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চণ্ডিপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, তার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হলেও বিকেল পর্যন্ত কোন ত্রাণ পৌঁছেনি। ময়মনসিংহ: সদর উপজেলার চরাঞ্চল, ফুলপুর, হালুয়াঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক গ্রামের কয়েক হাজার ঘর-বাড়ি, অসংখ্য গাছপালা ও উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা গ্রামে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে শুক্রবার সকালে রুমন মিয়া (২০) নামে এক যুবক মারা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। জেলা প্রশাসক শামসুল আলম, কৃষি স