২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের তারিখ জানাতে ইসিকে হাইকোর্টের মৌখিক আদেশ

জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানাতে নির্বাচন কমিশনকে মৌখিক আদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ মে হলফনামার মাধ্যমে নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ জানাতে হবে। বুধবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দায়ের করা রিটের শুনানি ৭ মে পর্যন্ত মুলতবি করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানাতে নির্বাচন কমিশনকে মৌখিক আদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ মে হলফনামার মাধ্যমে নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ জানাতে হবে। বুধবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দায়ের করা রিটের শুনানি ৭ মে পর্যন্ত মুলতবি করেন তারা। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা এই রিটের ওপর বুধবার চূড়ান্ত শুনানি শুরু হয়। মাসুদ রেজা সোবহান আদালতে বলেন, সংবিধানে জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন এক দিনও দেরি করতে পারে না। অথচ তারা তথাকথিত রোডম্যাপের কথা বলে সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। অথচ নির্বাচনের আগে এ ধরনের সংলাপ অনুষ্ঠানের কোনো আইনগত ভিত্তি নেই।" নির্বাচনের সময়সূচি নিয়ে কমিশন কোনো সুনির্দিষ্ট তথ্য না দেওয়ায় নির্বাচনের ব্যাপারে তাদের সদিচ্ছা নিয়ে ব্যরিস্টার সোবহান আদালতে সংশয় প্রকাশ করেন। আদালত নির্বাচন কমিশনের আইনজীবী ড. শাহদীন মালিকে জানায়, নির্বাচন অনুষ্ঠানে কেন দেরি হচ্ছে কমিশনকে তা আদালতে এসে বলতে হবে। কমিশন কত দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে তা হলফনামার মাধ্যমে হাইকোর্টকে জানানোর মৌখিক আদেশ দেয় বেঞ্চ। ড. শাহদীন মালিক এ জন্য ৫ মে পর্যন্ত সময় চান। এ সময় ব্যারিস্টার সোবহান বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সরকারের অন্যান্য বিভাগও জাড়িত। তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন এ বিষয়ে আদালতকে জানালে ভাল হয়। তাই নির্বাচন কমিশনকে আরও দুইদিন বেশি সময় দেওয়া যেতে পারে। আদালত এরপর ৭ মে হলফনামা জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করে। শুনানির পর ব্যারিস্টার সোবহান সাংবাদিকদের বলেন, "ভোটার তালিকার কাজ শেষ করতে কতদিন সময় লাগবে কমিশন তা আদালতকে জানায়নি। শুধু বলেছে, ভোটার তালিকার ৭৭ ভাগ কাজ শেষ হয়েছে। শুধু তাই নয়, কত দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কমিশন সে বিষয়েও নিরব।" ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে মাসুদ রেজা সোবহান গত ২৪ জানুয়ারি এই রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না- গত ২৭ জানুয়ারি তার কারণ জানতে চায় হাইকোর্ট। পাশাপাশি জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভুত ঘোষণা করা হবে না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব ও আইন সচিবের কাছে তার কারণ জানতে চায় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১৪৫ ঘ.