মৌলভীবাজার, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের লাঊয়াছড়ায় সংরক্ষিত বনে মঙ্গলবার থেকে আবার ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি শেভরন। জরিপ কাজ আবার শুরু হওয়ায় পরিবেশবিদরা বন্যপ্রাণী ও পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন।
গত শনিবার জরিপ কাজের সময় লাউয়াছড়া সংরক্ষিত বনের একটি স্থানে আগুন লাগে। সে কারণে পরের দিন রোববার জরিপ কাজ স্থগিত করে শেভরন। একদিন বন্ধ থাকার মঙ্গলবার সকাল থেকে আবার জরিপ কাজ শুরু হয়েছে।
শেভরনের পরিচালক (এক্সটার্নাাল অ্যাফেয়ার্স) নাছের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকে আমরা কাজ শুরু করছি। কাজ বেশ ভালভাবেই চলছে।"
শেভরনের বাংলাদেশের প্রেসিডেন্ট স্টিভ উইলসন মঙ্গলবার সকাল ১০টায় এবং বিকাল সাড়ে তিনটার দিকে পেট্টোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহম্মদ খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মুহা. আলকামা সিদ্দিকী এবং স্থানীয় যৌথবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ লাউয়াছড়ার আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এছাড়া তারা স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরিপ কাজ চলছে। কোন সমস্যা নেই। ত্রি-মাত্রিক জরিপের সঙ্গে ওই আগুন লাগার ঘটনার কোন সম্পর্ক নেই। অনুমান করা হচ্ছে সিগারেটের আগুন বা অন্য কোন কারণে আগুন লাগতে পারে।"
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আবু নাসেরের নেতৃত্বে ১১ সদস্যের পর্যবেক্ষণ দল মঙ্গলবার সকালে লাউয়াছড়ায় পৌছার পর লাউয়াছড়া রেস্ট হাউসে আলোচনায় বসেন।
পর্যবেক্ষণ দলের মধ্যে আরও ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল জলিল, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা আবুল বাশার মিয়া, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাৎ হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইকবাল, নির্সগ কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতি অধ্যাপক রফিকুর রহমান, মাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং করডর প্রমুখ।
আলোচনা শেষে পর্যবেক্ষণ দল আগুন লাগার ঘটনাস্থল ঘুরে দেখেন। পরিদর্শনের পর উপ-সচিব মো. আবু নাসের সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জরিপকাজে নিয়োজিত শ্রমিকরা কাজ শেষে বিশ্রাম নেওয়ার সময় সিগারেট পান করে অবশিষ্টাংশ ফেলে দিলে সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়।"
নির্সগ কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতি অধ্যাপক রফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলোচনায় তিনি মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) লাউয়াছড়া জাতীয় উদ্যানে শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছে।
তিনি বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সাড়ে চারশ গর্ত করে (বোরিং) রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। জরিপ কাজ চালানো হলে পরিবেশগত বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে।
পর্যবেক্ষণ দলের সঙ্গে শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট স্টিভ উইলসনের আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে অধ্যাপক রফিকুর রহমান জানান।
বেলা'র পরিচালক ইকবাল কবির সাংবাদিকদের বলেন, "লাউয়াছড়ার আশপাশের গ্রাম ও বস্তি এলাকায় বিস্ফোরণ ঘটানোর পর বিকট শব্দ ও ভূ-কম্পনে যেভাবে বাড়ি ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। এভাবে জাতীয় উদ্যান লাঊয়াছড়ার অভ্যন্তরে বিস্ফোরণ ঘটালে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসবে। এতে পরিবেশ ও বন্যপ্রাণী বিপন্ন হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24