ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' একই এলাকায় স্থির রয়েছে। এটি আরো শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'নার্গিস' মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার থেকে এ পর্যন্ত ঘুর্ণিঝড়টির অবস্থানের খুব একটি হেরফের হয়নি। ২৪ ঘণ্টায় সামান্য অগ্রসর হয়েছে। যেভাবে ধারণা করা হয়েছিল ততোটা হয়নি। তবে এর আরও শক্তিশালী হয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে।
আরজুমান্দ হাবিব বলেন, ১৮ থেকে ২০ ঘণ্টার আগে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না। তিনি জানান, আগের রেকর্ড অনুযায়ী এ সময়ে যেসব ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল তা বাংলাদেশ ও মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এ থেকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমার উপকূল দিয়ে যেতে পারে বলে অনুমান করা যায়।
বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দু'নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় 'নার্গিস' সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় উপকূলের দিকে ২০ কিলোমিটার এগিয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল এবং ঘূর্ণিঝড়ের কাছে সাগর অত্যন্ত বিক্ষুদ্ধ রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/এসকে/২০০৩ঘ.
bdnews24