২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাবন ধ্বংসে উপকূলে বাড়ছে দুর্যোগ ঝুঁকি

দেশের উপকূলীয় এলাকায় অব্যাহতভাবে প্যারাবন ধ্বংসের কারণে সেখানকার জনপদগুলোতে দুর্যোগ ঝুঁকি বাড়ছে । বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দশক ধরে দেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস অস্বাভাবিক নিয়মে আঘাত হানছে । এসব প্রাকৃতিক দুর্যোগে উপকূলে প্রতিরক্ষা ব্যুহ হয়ে জনপদ রক্ষাকারী প্যারাবন এখন হুমকির মুখে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় এলাকায় অব্যাহতভাবে প্যারাবন ধ্বংসের কারণে সেখানকার জনপদগুলোতে দুর্যোগ ঝুঁকি বাড়ছে । বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দশক ধরে দেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস অস্বাভাবিক নিয়মে আঘাত হানছে । এসব প্রাকৃতিক দুর্যোগে উপকূলে প্রতিরক্ষা ব্যুহ হয়ে জনপদ রক্ষাকারী প্যারাবন এখন হুমকির মুখে। এরই মধ্যে বিস্তীর্ণ এলাকার প্যারাবন পুরোপুরি উজাড় হয়ে গেছে। বাকি এলাকাতেও চলছে বন নিধনের প্রক্রিয়া। ফলে ঝড়-জলোচ্ছ্বাসে হুমকির মুখে আছে খুলনার শ্যামনগর থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলের প্রায় তিন কোটি মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, দেশের ঊপকূলীয় এলাকায় ১৫৮৪ থেকে মে এপ্রিল ১৯৬৯ সাল পর্যন্ত অস্বাভাবিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সংখ্যা ২৭টি। সমসংখ্যক অস্বাভাবিক দুর্যোগ রেকর্ড হয়েছে মে ১৯৭০ থেকে মে ১৯৯৮ সাল পর্যন্ত। এরপর ২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হানে। গত ৪ দশকে প্রায় ২৫টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ৭ লক্ষাধিক লোক মারা গেছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ১৮৭৭ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বঙ্গোপসাগরে ৩শ' ৬৫ টি ঘূর্ণিঝড় রেকর্ড আছে, যা মূল ভূখণ্ডে আঘাত হানার আগে দুর্বল হয়ে যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে আগামীতে এরকম ঘূর্ণিঝড় মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার (আইইউসিএন) এর আবাসিক প্রতিনিধি ড. আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক দশকে প্রভাবশালীদের অবৈধ হস্তক্ষেপে উপকূলীয় প্যারাবন উজাড় হয়েছে। জনসংখ্যার চাপ ও চিংড়ি চাষের বিস্তার ঘটায় হুমকির মুখে পড়ছে পুরো জনপদ। 'চকরিয়া সুন্দরবন' এরইমধ্যে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বরগুনা-পটুয়াখালী-পিরোজপুর-নোয়াখালী, ভোলা, হাতিয়া-চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চল।" জাতিসংঘ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত উপকূলীয় শ্বাসমূল সম্বলিত গাছের বন (ম্যানগ্রোভ) সুন্দরবনের নদী-নালায় চলা যন্ত্রচালিত নৌকার বর্জ্য প্রতিবেশের জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন তিনি। প্যারাবন উজাড়ের প্রক্রিয়া ১৯৮০-র দশকের গোড়ার দিকে শুরু হয় জানিয়ে আইনুন নিশাত বলেন, "জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করতে বন ধ্বংসের প্রক্রিয়া বন্ধ করতে হবে। সুন্দরবনের মোহনা থেকে তেঁতুলিয়ার মোহনা পর্যন্ত ঘনসবুজ বেষ্টনী তৈরি করতে হবে। অন্য উপকূলেও এ ধরনের পদক্ষেপ কার্যকর করতে হবে।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. কামাল হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দরবনে মানুষের হস্তক্ষেপ বাড়ছে দিন দিন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ম্যানগ্রোভ বন। এছাড়াও নানা কারণে দেশের বিস্তীর্ণ উপকূলের প্রায় ৬০ হাজার হেক্টর প্যারাবন ধ্বংস হয়ে গেছে। ওইসব এলাকায় নতুন করে বনায়ন না হলে ভবিষ্যতে সুনামি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়বে।" বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় দুর্যোগ থেকে রক্ষা পেতে প্যারাবনই একমাত্র ভরসা। বনাঞ্চল রক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে এ দুর্যোগ মোকাবিলা অসম্ভব হয়ে পড়বে। বেসরকারি সংস্থা উন্নয়ন ধারা'র প্রধান আমিনুর রসুল বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নয়, প্যারাবন উপকূলে ভাঙন রোধেও ভূমিকা রাখে। এই বন উজাড়ের কারণে অনেক এলাকায় বেড়িবাঁধ উপচে লবণাক্ত জল ঢুকছে। বন ধ্বংসের প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে কয়েকটি দ্বীপ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/জিএনএ/১৬০৬ঘ.