২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেষজ ওষুধ তৈরিতে স্থানীয়দের সম্পৃক্ততা বেশি প্রয়োজন: দেবাশীষ রায়

দেশের বিলুপ্তপ্রায় ঔষধি গাছ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে 'পার্বত্য চট্টগ্রামের ঔষধি উদ্ভিদ: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 07:08 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিলুপ্তপ্রায় ঔষধি গাছ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে 'পার্বত্য চট্টগ্রামের ঔষধি উদ্ভিদ: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাকমা রাজা দেবাশীষ রায় মনে করেন, পাহাড়ের উদ্ভিদ থেকে ভেষজ ওষুধ তৈরিতে পাহাড়িদের সম্পৃক্ত করা প্রয়োজন। এ বিষয়ে পাহাড়ি বৈদ্যদের পরামর্শ নেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি। ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, "পার্বত্যাঞ্চলে বন উজাড় করার ফলে সেখানে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তামাক চাষের ফলে ওই অঞ্চলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে নানা প্রজাতির ঔষধি গাছ।" তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের বিলুপ্তপ্রায় ঔষধি গাছগুলো সংরক্ষণে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। পাহাড়ের ঔষধি গাছ থেকে ভেষজ ওষুধ উৎপাদনের জন্য স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততা সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া ঐতিহ্যগতভাবে পাহাড়িরা যুগ যুগ ধরে যে ভেষজ চিকিৎসা সেবা নিচ্ছেন, তা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে প্রয়োজন গবেষণা ও সমন্বিত উদ্যোগ।" রাজা দেবাশীষ সরকারি-বেসরকারি উদ্যোগে পাহাড়ে ঔষধি গাছ চাষাবাদ এবং তা থেকে ভেষজ ওষুধ উৎপাদনের জন্য পাহাড়ি বৈদ্যদের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বার্কের সদস্য সচিব ড. ওয়াইজ কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এমএ হাকিম। সেমিনারের মূল বিষয়ের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন 'ডেভেলপমেন্ট অব বায়োটেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্ভেশন সেন্টার' এর নির্বাহী পরিচালক ড. ফেরদৌসি বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/১৩০০ ঘ.