ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী থাকার সময় মতিয়া চৌধুরী চাল আমদানিতে দুর্নীতি করেছেন- এমন প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই মতিয়াকে অব্যাহতি দিয়েই এ সংক্রান্ত মামলায় সোমবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। অব্যাহতি পেয়েছেন বাকি আট আসামিও।
তবে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আদালত সোমবার কোনো সিদ্ধান্ত দেয়নি।
১৯৯৮-৯৯ সালে ভারত থেকে চাল আমদানির মাধ্যমে সরকারের ১৩ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি করার অভিযোগে ২০০২ সালে এ মামলা দায়ের করা হয়েছিল।
সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা কমিশনের সহকারী পরিচালক মনিরুজ্জামান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কমিশনের প্রসিকিউটিং বিভাগে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
মামলার অন্য আসামিরা হলেন, খাদ্য মন্ত্রণালায়ের সাবেক যুগ্ম সচিব মু. সাফায়েত আলী, একই মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ড. আইয়ুব মিয়া, সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, আগ্রণী ব্যাংকের সাবেক উপ মহাব্যস্থাপক এহসানুল আজিজ, একই ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ) নাইমুর রহমান, আনিছ সুলতান মামুন, নুরুল হুদা ও এস এম এরশাদ হোসেন।
২০০২ সালের ২২ এপ্রিল রমনা থানায় দায়ের করা এ মামলায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা সৈয়দ তাহসিনুল হক অভিযোগ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে ও অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে ১৯৯৮-৯৯ সালে ভারত থেকে চাল আমদানি করে। এ কারণে সরকারের ১৩ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৮৮০ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/জেকে/এসএনডি/১৯২৯ ঘ.
bdnews24