২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ দুর্নীতি মামলার শুনানি ৪ মে পর্যন্ত মুলতবি

শেখ হাসিনার বিরুদ্ধে মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত। (আরো তথ্য সহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 05:30 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত। (আরো তথ্য সহ) রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার মামলার শুনানি মুলতবি করেন। মামলার অন্যতম আসামী সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমান হাসপাতালে থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় শুনানি মুলতবি করে আদালত। আদালতে আসামী পক্ষের আইনজীবীরা জানান, সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমান অসুস্থ থাকার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতিতে চার্জ গঠনের শুনানি হতে পারেনা। এজন্য আরো কিছুদিন সময় দেওয়া হোক। সরকার পক্ষের আইনজীবীরা বলেছেন, আসামী পক্ষের অনুপস্থিতিতেও চার্জ গঠনের শুনানি হতে পারে। আদালত প্রায় এক ঘন্টা দুপক্ষের বক্তব্য শোনার পর ৪ এপ্রিল চার্জ গঠনের শুনানির তারিখ পুনর্নির্ধারণ করেন। পরে আদালতের বাইরে এসে সরকার পক্ষের আইনজীবী সৈয়দ শামিম আহমেদ সাংবাদিকদের জানান,আসামী পক্ষের আইনজীবীরা নানা অজুহাতে এই মামলাটির কার্যক্রম পেছানোর চেষ্টা করছে। অন্যদিকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী কামরুল ইসলাম আদালতের বাইরে এসে সাংবাদিকদের বলেন, সরকার পক্ষ চাইছে তাড়াহুড়া করে মামলাটি নিষ্পত্তি করতে। তারা নানাভাবে আইনের অপব্যাখ্যা দিয়ে আসামীর অনুপস্থিতিতেই চার্জ গঠনের শুনানি করতে চাইছে। এর আগে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয়। রোববার সকাল ৯ টা ৪৫ মিনিটে তাকে বিশেষ কারাগার থেকে আদালতে নেয়া হয়। গত ২০ এপ্রিল শেখ হাসিনা অসুস্থ থাকায় তার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছিল আদালত। বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ কোটি টাকা ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। শেখ হাসিনা ছাড়া মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচডি-ইএইচবি/এফএফ/এমএ/১৩৩৫ ঘ.